১৮ মার্চ ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রী বহনকারী নীলফামারীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি বগুড়ার আদমদীঘি উপজেলায় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। শান্তাহার জংশনের নিকটবর্তী বাগবাড়ি এলাকায় সংঘটিত এই দুর্ঘটনায় ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয় এবং বেশ কিছু যাত্রী আহত হন।
এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় সেটি এই দুর্ঘটনারই বাস্তব দৃশ্য।
তবে অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিটি ওই ঘটনার নয়। বিভিন্ন নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রকাশিত ছবির সঙ্গে তুলনা করলে স্পষ্ট হয়, আলোচিত ছবিটি বাস্তব দৃশ্যের সঙ্গে মেলে না। বরং ছবিটি নিবিড়ভাবে পর্যবেক্ষণে একাধিক অস্বাভাবিকতা চোখে পড়ে—যেমন দুর্ঘটনার পরও বগির ওপর মানুষের অস্বাভাবিক অবস্থান, মানুষের দেহের গঠন বিকৃত ও অস্পষ্ট হওয়া, এবং লেখার মধ্যে অসামঞ্জস্যতা।
এসব লক্ষণ বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং সেটিকে নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার বাস্তব দৃশ্য হিসেবে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
সুতরাং, নীলসাগর এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত এবং বিভ্রান্তিকর।

