Google search engine
HomePoliticsতারেক রহমানের বদলে ‘হাসিনা’র নাম লেখেননি জাপানি রাজনীতিক, এক্সের ভুল অনুবাদে বিভ্রান্তি

তারেক রহমানের বদলে ‘হাসিনা’র নাম লেখেননি জাপানি রাজনীতিক, এক্সের ভুল অনুবাদে বিভ্রান্তি

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, জাপানের সাবেক মন্ত্রী ও দেশটির লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা ইয়াসুতোশি নিশিমুরা তাঁর এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ করেছেন। দাবিটির পক্ষে তাঁর পোস্টের ইংরেজি অনুবাদের স্ক্রিনশট প্রচার করা হচ্ছে, যেখানে প্রধানমন্ত্রীর নামের জায়গায় ‘Hasina’ লেখা দেখা যায়।

তবে তথ্য যাচাই করে দেখা যায়, জাপানি রাজনীতিক তাঁর মূল পোস্টে শেখ হাসিনার নাম উল্লেখ করেননি। প্রকৃতপক্ষে, এক্সের স্বয়ংক্রিয় অনুবাদে কারিগরি ত্রুটির কারণে ‘রহমান’ নামটি ভুলভাবে ‘হাসিনা’ হিসেবে প্রদর্শিত হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, গত ২৬ অক্টোবর জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের বৈঠকের পর নিশিমুরা তাঁর এক্স অ্যাকাউন্টে জাপানি ভাষায় একটি পোস্ট প্রকাশ করেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম ‘ラフマーン’ লেখা রয়েছে, যার ইংরেজি রূপ ‘Rahman’। অথচ এক্সের স্বয়ংক্রিয় ইংরেজি অনুবাদে নামটি পরিবর্তিত হয়ে ‘Hasina’ দেখানো হয়।

মূল জাপানি পোস্টটি গুগল ট্রান্সলেটসহ একাধিক অনুবাদব্যবস্থার মাধ্যমে যাচাই করলে ‘Rahman’ নামটি পাওয়া যায়। একইভাবে নিশিমুরার ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত অভিন্ন পোস্টের স্বয়ংক্রিয় অনুবাদেও ‘রহমান’ উল্লেখ রয়েছে। ফলে মূল বক্তব্যে শেখ হাসিনার নাম ব্যবহারের দাবির কোনো ভিত্তি পাওয়া যায়নি।

অর্থাৎ, এক্সের স্বয়ংক্রিয় অনুবাদের ত্রুটিকে জাপানি রাজনীতিকের প্রকৃত বক্তব্য হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার নাম উল্লেখ করেছেন—এমন দাবি সঠিক নয়। মূল জাপানি পোস্টে তারেক রহমানকেই বোঝানো হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular