২০২৬ ফুটবল বিশ্বকাপে স্পেনের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পর্তুগাল। ম্যাচ শেষে ক্রিস্টিয়ানো রোনালদো জানান, এটি ছিল তার শেষ বিশ্বকাপ ম্যাচ। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—রোনালদোর জন্মস্থান পর্তুগালের মাদেইরা দ্বীপে বিশাল ড্রোন শোর মাধ্যমে তাকে বিদায় জানানো হয়েছে। ভিডিওতে পর্তুগালের পতাকার নিচে ৭ নম্বর জার্সি পরিহিত রোনালদোর অবয়বকে তার বিখ্যাত ‘সিউউউ’ উদ্যাপনের ভঙ্গিতে দেখা যায়।
তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি বাস্তব কোনো ড্রোন শোর নয়। প্রকৃতপক্ষে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ভিডিও, যা পরবর্তীতে বাস্তব ঘটনা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে ব্রাজিলভিত্তিক ক্রীড়া ও বিনোদনমাধ্যম CazéTV–এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই ভিডিও প্রকাশিত হতে দেখা যায়। সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এটি একটি এআই-নির্মিত কল্পনাভিত্তিক উপস্থাপনা, যেখানে দেখানো হয়েছে—রোনালদোর বিদায় উপলক্ষে মাদেইরায় ড্রোন শো হলে সেটি কেমন হতে পারত। ভিডিওটির নির্মাতা হিসেবে Seihan AIfilms নামের একটি এআই কনটেন্ট নির্মাতার অ্যাকাউন্টকে ক্রেডিট দেওয়া হয়েছে।
পরবর্তীতে সংশ্লিষ্ট নির্মাতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পর্যালোচনায় দেখা যায়, একই ভিডিও প্রকাশ করে অনুসারীদের ভিডিও তৈরির প্রম্পট সংগ্রহের আহ্বান জানানো হয়েছে এবং ভিডিওটি PixVerse–এর মতো এআই ভিডিও জেনারেশন টুল ব্যবহার করে তৈরি হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া অ্যাকাউন্টটির বায়োতেও নিজেকে AI Video Creator ও Digital Filmmaker হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। একই প্রোফাইলে লিওনেল মেসি ও নেইমারকে নিয়েও অনুরূপ এআই-নির্মিত ড্রোন শোর ভিডিও পাওয়া যায়।
এছাড়া, পর্তুগালের বিশ্বকাপ বিদায়ের পর রোনালদোর সম্মানে মাদেইরায় এমন কোনো ড্রোন শো অনুষ্ঠিত হওয়ার তথ্য আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম, সরকারি সূত্র বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিশ্চিত করা যায়নি।
সুতরাং, ২০২৬ বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর রোনালদোর জন্মস্থানে তাকে সম্মান জানিয়ে ড্রোন শো অনুষ্ঠিত হয়েছে দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব নয়; এটি সম্পূর্ণ এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত একটি কল্পনাভিত্তিক ভিডিও।

