সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমকে উদ্ধৃত করে একটি মন্তব্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে, তিনি বলেছেন— “কোনো সভ্য নারী টিএসসির মতো পাবলিক প্লেসে মাঝরাতে ছেলেদের সঙ্গে খেলা দেখতে পারে না।”
অনুসন্ধানে দেখা যায়, নুসরাত তাবাসসুম এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার (ব্যঙ্গাত্মক) ফেসবুক পেজে প্রকাশিত কাল্পনিক পোস্টকে সত্য ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাই করতে মূলধারার গণমাধ্যম, নির্ভরযোগ্য সংবাদসূত্র এবং নুসরাত তাবাসসুমের প্রকাশ্য বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যালোচনা করা হয়। কোথাও আলোচিত মন্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য, ভিডিও, বক্তব্য বা সংবাদ পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, দাবিটির সূত্রপাত “Gupto Television” নামের একটি ব্যঙ্গাত্মক (স্যাটায়ার) ফেসবুক পেজ থেকে। পেজটি বিনোদনমূলক ও কাল্পনিক কনটেন্ট প্রকাশ করে থাকে। সেখানকার একটি ব্যঙ্গাত্মক ফটোকার্ডকে বাস্তব বক্তব্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
সুতরাং, টিএসসিতে নারীদের খেলা দেখা প্রসঙ্গে নুসরাত তাবাসসুমের নামে প্রচারিত মন্তব্যটি সত্য নয়; এটি একটি স্যাটায়ার পোস্ট থেকে নেওয়া ভুয়া ও বানোয়াট দাবি।

