সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, দিল্লিতে শেখ হাসিনার ৭৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে। প্রচারিত ফুটেজে শেখ হাসিনাকে কয়েকজন শিশুর সঙ্গে কেক কাটতে দেখা যায়। ভিডিওটি সাম্প্রতিক ঘটনা হিসেবে উপস্থাপন করা হলেও এর প্রকৃত সময় ও স্থান ভিন্ন।
দাবিটির সত্যতা যাচাই করতে ভিডিওটির উৎস অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ফেসবুক পেজে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর একই ভিডিও প্রকাশিত হতে দেখা যায়। পোস্টের তথ্য অনুযায়ী, ভিডিওটি ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে ধারণ করা হয়েছিল। সেখানে শেখ হাসিনা তাঁর জন্মদিন উপলক্ষে শিশুদের সঙ্গে কেক কাটেন।
ভিডিওটির সময় ও স্থান সম্পর্কে একই তথ্য পাওয়া যায় ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর প্রকাশিত সাম্প্রতিক দেশকালের একটি ফটো অ্যালবামেও। ওই অ্যালবামে শেখ হাসিনার কেক কাটার একটি ছবি রয়েছে এবং ছবিটির ক্যাপশনেও ঘটনাস্থল হিসেবে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কথা উল্লেখ করা হয়েছে।
আরও দেখা যায়, শেখ হাসিনার জন্মদিন ২৮ সেপ্টেম্বর। ২০১৯ সালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। ফলে আলোচিত ভিডিওটি ২০২৬ সালের দিল্লিতে তাঁর ৭৯তম জন্মদিন উদযাপনের দৃশ্য হওয়ার দাবির সঙ্গে ভিডিওটির মূল উৎসের তথ্যের অসঙ্গতি রয়েছে।
অর্থাৎ, ২০১৯ সালে নিউইয়র্কে শেখ হাসিনার জন্মদিন উদযাপনের সময় ধারণ করা পুরোনো একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ের ঘটনা হিসেবে নতুন স্থান ও সময়ের সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়েছে।
সুতরাং, ২০১৯ সালে নিউইয়র্কে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপনের ভিডিওকে ২০২৬ সালে দিল্লিতে তাঁর ৭৯তম জন্মদিন উদযাপনের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

