সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি “৫-ই মে, ২০১৩ || শাপলা চত্বর” ক্যাপশনে একটি ছবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ছবিটি এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি ২০১৩ সালে ঢাকার শাপলা চত্বর-এ সংঘটিত সহিংসতা ও অভিযান চলাকালীন সময়ের বাস্তব দৃশ্য।
তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, আলোচিত ছবিটি আসল নয়। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ছবি, যা বাস্তব ঘটনার দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে।
ছবিটি বিশ্লেষণে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। ছবিতে একটি জনাকীর্ণ ফ্লাইওভার দেখা যায়, অথচ ২০১৩ সালে কিংবা পরবর্তী সময়েও শাপলা চত্বর এলাকায় এমন কোনো ফ্লাইওভার ছিল না। এছাড়া ছবির অবকাঠামো, মানুষের বিন্যাস ও সামগ্রিক ভিজ্যুয়াল উপস্থাপনায় কৃত্রিমতার ছাপ স্পষ্টভাবে পরিলক্ষিত হয়, যা সাধারণত এআই-নির্মিত কনটেন্টে দেখা যায়।
পরবর্তীতে ছবিটি এআই শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এর মাধ্যমে বিশ্লেষণ করলে সেটি প্রায় শতভাগ সম্ভাবনায় এআই-জেনারেটেড হিসেবে শনাক্ত হয়।
সুতরাং, ২০১৩ সালের শাপলা চত্বরের বাস্তব দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি প্রকৃত নয়; এটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি বিভ্রান্তিকর কনটেন্ট।

