সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি মাহমুদুর রহমান-এর ছবি ব্যবহার করে দৈনিক আমার দেশ-এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হচ্ছে, তিনি নাকি বলেছেন—“ভারতের ষড়যন্ত্রে ৭১ সালে পাকিস্তান না ভাঙলে আইয়ুব খান অনেক আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করতেন এবং পারমাণবিক বোমার মালিক হতাম আমরা।”
তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, মাহমুদুর রহমান এমন কোনো মন্তব্য করেননি এবং দৈনিক আমার দেশ-ও এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সংবাদমাধ্যমটির একটি ভিন্ন ফটোকার্ড সম্পাদনা করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ফটোকার্ডে ২৮ এপ্রিল ২০২৬ তারিখ ব্যবহার করা হলেও ওই তারিখে বা সাম্প্রতিক সময়ে দৈনিক আমার দেশ-এর ফেসবুক পেজ, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে এ ধরনের কোনো বক্তব্য বা প্রতিবেদন প্রকাশিত হয়নি। একইভাবে অন্য কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে দৈনিক আমার দেশ-এর পূর্বে প্রকাশিত একটি আসল ফটোকার্ডের সঙ্গে তুলনা করলে দেখা যায়, আলোচিত ভুয়া ফটোকার্ডটির গ্রাফিক্যাল ডিজাইন ও ছবির বিন্যাস একই ধরনের হলেও তারিখের ফন্ট, লেখার স্টাইল এবং টাইপোগ্রাফিতে স্পষ্ট অসঙ্গতি রয়েছে। এসব বৈশিষ্ট্য ইঙ্গিত করে, মূল ডিজাইন নকল করে সেটিকে এডিটের মাধ্যমে ভিন্ন বক্তব্যে রূপ দেওয়া হয়েছে।
সুতরাং, “পাকিস্তান না ভাঙলে আইয়ুব খান আগেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করতেন” শীর্ষক মন্তব্য মাহমুদুর রহমান করেছেন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি এডিটেড, বানোয়াট এবং বিভ্রান্তিকর।

