সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে উদ্ধৃত করে শূকরের মাংস ও তথাকথিত ‘জুলাই সনদ’ ইস্যুতে বিতর্কিত বক্তব্য দেওয়ার দাবি করা হচ্ছে। পোস্টগুলোতে বিষয়টিকে চলমান রাজনৈতিক আলোচনার সঙ্গে যুক্ত করে উপস্থাপন করায় অনেকের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।
তথ্য যাচাই করে দেখা যায়, আলোচিত বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, গণমাধ্যম প্রতিবেদন বা অফিসিয়াল বিবৃতি পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়েও এমন কোনো মন্তব্যের সত্যতা মেলেনি। সংশ্লিষ্ট ব্যক্তির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টেও এ ধরনের বক্তব্যের কোনো অস্তিত্ব নেই।
অনুসন্ধানে আরও জানা যায়, উক্ত মন্তব্যটির সূত্রপাত একটি সার্কাজম বা ব্যঙ্গধর্মী পেজ থেকে, যেখানকার কনটেন্ট বাস্তব ঘটনা হিসেবে নয়, বরং রসাত্মক উদ্দেশ্যে তৈরি করা হয়। পরবর্তীতে সেই পোস্টের একটি অংশ আলাদা করে নিয়ে বাস্তব মন্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
অতএব, শূকরের মাংস ও ‘জুলাই সনদ’ প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহর নামে প্রচারিত মন্তব্যটি সত্য নয়; এটি ভুয়া ও বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয়েছে।

