Google search engine
HomeHealth & Science‘হামের চেয়ে যৌন সমস্যা নিয়ে কথা বলা বেশি জরুরি’—তাসনিম জারার নামে প্রচারিত...

‘হামের চেয়ে যৌন সমস্যা নিয়ে কথা বলা বেশি জরুরি’—তাসনিম জারার নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর সাবেক সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা–এর নামে একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন— “অনেকেই প্রশ্ন করছেন আমি হাম নিয়ে কোন কথা কেন বলছিনা। আমার সব সময় মনে হয়েছে হামের চেয়ে যৌন সমস্যা নিয়ে কথা বলা বেশি জরুরি।” দাবিটি দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবহারকারী এটিকে সত্য বলে প্রচার করতে থাকেন।

তবে অনুসন্ধানে দেখা যায়, ডা. তাসনিম জারা এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত দাবিটির উৎপত্তি একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজ থেকে, যেখানে ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে তৈরি একটি পোস্ট পরবর্তীতে বাস্তব তথ্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

দাবিটির সত্যতা যাচাই করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানো হলেও মূলধারার কোনো গণমাধ্যম, নির্ভরযোগ্য সংবাদসূত্র কিংবা সংশ্লিষ্ট কোনো বিশ্বস্ত প্ল্যাটফর্মে এ ধরনের বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। সাধারণত জনপরিচিত একজন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এমন মন্তব্য করলে তা সংবাদমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কথা। কিন্তু এ ক্ষেত্রে এমন কোনো তথ্যের অস্তিত্ব মেলেনি।

পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, “Gupto Television” নামের একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজ গত ১১ মে প্রথম আলোচিত ফটোকার্ডটি প্রকাশ করে। পেজটি পর্যবেক্ষণ করলে একই ধরনের অসংখ্য ব্যঙ্গাত্মক ও কাল্পনিক পোস্ট পাওয়া যায়, যা থেকে স্পষ্ট হয় যে আলোচিত পোস্টটিও বিনোদনমূলক বা ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই তৈরি করা হয়েছিল। পরবর্তীতে সেটি প্রসঙ্গহীনভাবে বাস্তব দাবি হিসেবে ছড়িয়ে পড়ে।

এছাড়া ডা. তাসনিম জারার ভেরিফায়েড ফেসবুক পেজ ও অন্যান্য প্রকাশ্য বক্তব্য পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

সুতরাং, “হামের চেয়ে যৌন সমস্যা নিয়ে কথা বলা বেশি জরুরি” শীর্ষক মন্তব্যটি ডা. তাসনিম জারা করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং একটি স্যাটায়ার পোস্টকে বাস্তব তথ্য হিসেবে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তৈরি হওয়া অপপ্রচার।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular