সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়—চট্টগ্রামের সরকারি সিটি কলেজে সংঘর্ষের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সরকার পতনের আন্দোলন না ডাকার আহ্বান জানিয়েছেন এবং ছাত্রদলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। ফটোকার্ডটিতে একটি গণমাধ্যমের লোগো ব্যবহার করে এটিকে আসল সংবাদ হিসেবে উপস্থাপন করা হয়।
তথ্য যাচাইয়ে দেখা গেছে, প্রচারিত এই ফটোকার্ডটি আসল নয়। সংশ্লিষ্ট গণমাধ্যমের অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং অন্যান্য প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনামে কোনো সংবাদ বা ফটোকার্ড পাওয়া যায়নি।
বরং, একই তারিখে প্রকাশিত গণমাধ্যমটির একটি ভিন্ন ফটোকার্ড পাওয়া যায়, যেখানে বোরো মৌসুমে খাদ্যশস্য সংগ্রহ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের তথ্য রয়েছে। সেই আসল ফটোকার্ডের ডিজাইন, ছবি এবং গ্রাফিক্যাল উপাদানের সঙ্গে ভাইরাল ফটোকার্ডটির মিল থাকলেও শিরোনাম সম্পূর্ণ পরিবর্তন করে ভিন্ন বক্তব্য যুক্ত করা হয়েছে।
এছাড়া, সংশ্লিষ্ট মূল প্রতিবেদনে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য হিসেবে শুধু খাদ্যশস্য সংগ্রহ সংক্রান্ত তথ্য উল্লেখ রয়েছে—সরকার পতনের আন্দোলন বা রাজনৈতিক কোনো নির্দেশনার বিষয়ে কোনো বক্তব্য নেই।
ফলে, স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ছড়ানো আলোচিত ফটোকার্ডটি ডিজিটালভাবে সম্পাদিত, ভুয়া এবং বিভ্রান্তিকর।

