সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে রাস্তার ওপর একটি ট্রাকের চাকা হিসেবে স্কেটবোর্ড ব্যবহার করা হয়েছে এবং সেটির সাহায্যে ট্রাকটি চলাচল করছে। ভিডিওটি শেয়ার করে ঘটনাটিকে চালকের বুদ্ধিমত্তার উদাহরণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
ভিডিওটির উৎস অনুসন্ধান করে দেখা যায়, এটি কোনো বাস্তব সড়কদৃশ্য নয়। ‘bharathfx1’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একই ভিডিওর মূল সংস্করণ পাওয়া যায়। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, পোস্টে ব্যবহৃত ছবি ও ভিডিওগুলো এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি এবং এগুলো বিনোদনের উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে।
মূল ভিডিওর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংস্করণটির তুলনা করেও একই দৃশ্যের মিল পাওয়া যায়। অর্থাৎ, ভিডিওটি বাস্তব কোনো ট্রাক বা স্কেটবোর্ড ব্যবহারের ঘটনা ধারণ করে তৈরি হয়নি; বরং শুরু থেকেই এটি কৃত্রিমভাবে তৈরি করা একটি কাল্পনিক দৃশ্য।
এ ছাড়া ভিডিওটির দৃশ্যমান বৈশিষ্ট্য এআই-নির্মিত কনটেন্ট শনাক্তকারী টুল দিয়েও পরীক্ষা করা হয়েছে। হাইভ মডারেশনের বিশ্লেষণে ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ দেখানো হয়েছে।
ফলে, স্কেটবোর্ড ব্যবহার করে ট্রাক চালানোর বাস্তব ঘটনা হিসেবে ভিডিওটি প্রচার করা হলেও এর মূল উৎস এবং প্রযুক্তিগত বিশ্লেষণ থেকে এটি এআই-নির্মিত কাল্পনিক ভিডিও বলেই প্রতীয়মান হয়।
সুতরাং, স্কেটবোর্ডকে চাকা বানিয়ে ট্রাক চলার দাবিতে প্রচারিত ভিডিওটি বাস্তব ঘটনার নয়; এটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি।

