সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হচ্ছে, প্রবাসীরা তাঁদের আয়ের নির্দিষ্ট অংশ ব্যাংকের মাধ্যমে না পাঠালে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে না। ফটোকার্ডটিতে বক্তব্যটি সালাহউদ্দিন আহমদের মন্তব্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।
তবে বক্তব্যটির কোনো নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়নি। প্রচারিত ফটোকার্ডে মন্তব্যটি কখন, কোথায় বা কোন অনুষ্ঠানে দেওয়া হয়েছিল, সে সম্পর্কেও কোনো তথ্য উল্লেখ নেই। ফলে শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ফটোকার্ডের ভিত্তিতে বক্তব্যটি স্বরাষ্ট্রমন্ত্রীর বলে নিশ্চিত হওয়ার সুযোগ নেই।
বিষয়টি যাচাই করতে সালাহউদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্য ও সাক্ষাৎকারের পাশাপাশি তাঁর ফেসবুক পেজ এবং বিএনপির সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো পর্যালোচনা করা হয়। এসব জায়গায় প্রবাসীদের আয়ের অংশ ব্যাংকে জমা না দিলে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়ার বিষয়ে তাঁর কোনো বক্তব্যের সন্ধান পাওয়া যায়নি।
একইভাবে, দেশের নির্ভরযোগ্য সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনেও সালাহউদ্দিন আহমদ এমন কোনো মন্তব্য করেছেন বলে তথ্য পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ এমন একটি নীতিগত বক্তব্য সত্যিই দেওয়া হয়ে থাকলে তার নির্ভরযোগ্য সূত্র বা সংবাদ প্রতিবেদন থাকার কথা। কিন্তু আলোচিত দাবির ক্ষেত্রে তেমন কোনো সূত্র উপস্থাপন করা হয়নি।
অর্থাৎ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছবি ও পরিচয় ব্যবহার করে একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হলেও সেটির পক্ষে কোনো প্রমাণিত উৎস নেই। বক্তব্যটি তাঁর বলে প্রচার করা হলেও তাঁর প্রকাশিত বক্তব্য বা নির্ভরযোগ্য সংবাদসূত্রে এর সমর্থন পাওয়া যায়নি।
সুতরাং, ‘প্রবাসীদের আয়ের অংশ ব্যাংকে না দিলে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা বন্ধ’—সালাহউদ্দিন আহমদের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া।

