সম্প্রতি ‘চ্যানেল ১৪’ (Channel 14) নামের একটি ফেসবুক পেজ থেকে প্রচারিত একটি রিল ভিডিওতে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে জড়িয়ে একটি বিতর্কিত দাবি করা হয়েছে। ভিডিওটির মাধ্যমে তাকে গুলশানের একটি স্পা সেন্টারের সঙ্গে সম্পৃক্ত বা সেখানে উপস্থিত ছিলেন—এমন একটি ধারণা তৈরি করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, গুলশানের কোনো স্পা সেন্টারে জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতি বা সম্পৃক্ততার দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। প্রচারিত রিল ভিডিওতেও দাবিটির সমর্থনে কোনো যাচাইযোগ্য নথি, প্রত্যক্ষ প্রমাণ, নির্ভরযোগ্য সূত্র বা সংশ্লিষ্ট ঘটনার সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করা হয়নি।
এছাড়া, দাবিটির বিষয়ে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধান করেও মূলধারার গণমাধ্যম, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা অন্য কোনো বিশ্বস্ত সূত্রে শাহজাহান চৌধুরীকে গুলশানের কোনো স্পা সেন্টারের সঙ্গে যুক্ত করে এমন তথ্য পাওয়া যায়নি।
অর্থাৎ, শাহজাহান চৌধুরীকে গুলশানের একটি স্পা সেন্টারের সঙ্গে জড়িয়ে প্রচারিত ভিডিওটি কোনো যাচাইযোগ্য প্রমাণের ওপর ভিত্তি করে তৈরি নয়। বরং, নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ ছাড়াই ভিডিওটির মাধ্যমে একটি বিতর্কিত দাবি ছড়ানো হয়েছে।

