সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সালমান এফ রহমানের সাক্ষাতের একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটি সাম্প্রতিক সময়ে তোলা এবং তারা সম্প্রতি সাক্ষাৎ করেছেন এমন ইঙ্গিত দিয়ে এটি প্রচার করা হচ্ছে।
ছবিটির সত্যতা যাচাই করতে অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা গ্রহণযোগ্য সূত্রে পিটার হাস ও সালমান এফ রহমানের সাম্প্রতিক সাক্ষাতের এমন কোনো তথ্য বা ছবি পাওয়া যায়নি। একই সঙ্গে ছবিটি পর্যবেক্ষণ করেও কয়েকটি অসংগতি চোখে পড়ে, যা কৃত্রিমভাবে তৈরি বা সম্পাদিত ছবির ক্ষেত্রে দেখা যেতে পারে।
পরবর্তীতে আলোচিত ছবিটি গুগলের জেমিনিতে থাকা ‘ভেরিফাই এআই’ সুবিধার মাধ্যমে যাচাই করা হয়। যাচাইয়ের ফলাফলে ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে শনাক্ত করা হয়।
এদিকে, সালমান এফ রহমান ২০২৪ সালের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার হন। ফলে তার সঙ্গে পিটার হাসের সাম্প্রতিক সাক্ষাতের দাবি যাচাইয়ের ক্ষেত্রে ছবিটির উৎস ও সত্যতা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে।
সার্বিক অনুসন্ধান ও এআই যাচাইয়ের ফলাফল অনুযায়ী, পিটার হাসের সঙ্গে সালমান এফ রহমানের সাম্প্রতিক সাক্ষাতের প্রমাণ হিসেবে প্রচারিত ছবিটি বাস্তব কোনো সাক্ষাতের ছবি নয়; এটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি করা হয়েছে।
সুতরাং, পিটার হাসের সঙ্গে সালমান এফ রহমানের সাম্প্রতিক সাক্ষাতের দাবিতে প্রচারিত ছবিটি এআই নির্মিত এবং দাবিটি বিভ্রান্তিকর।

