সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনকারী নাফসিন মেহনাজকে জড়িয়ে একটি ভুয়া মন্তব্য সংবলিত ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, ‘আমি পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ মারুফকে বিয়ে করতে আগ্রহী, কারণ আমি মনে করি আমাদের রক্তের টান এক। একজন পাকিস্তানিকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিলে বাংলাদেশে পাকিস্তানপ্রেমী মানুষের সংখ্যা বাড়বে এবং এর মাধ্যমে দুই দেশের পারস্পরিক সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়বে।’ তবে নাফসিন মেহনাজের নামে প্রচারিত এই মন্তব্য এবং ফটোকার্ডটি সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন।
অনুসন্ধানে জানা যায়, নাফসিন মেহনাজ বাস্তবে এমন কোনো মন্তব্য কখনোই করেননি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে নির্ভরযোগ্য কোনো সংবাদমাধ্যম বা সূত্রে এই ধরনের বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মূলত ‘Gupto TV’ নামের একটি স্যাটায়ার বা প্যারোডি ফেসবুক পেজ থেকে গত ৪ সেপ্টেম্বর ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে প্রথম এই ফটোকার্ডটি পোস্ট করা হয়েছিল। পেজটি নিজেদের একটি প্যারোডি প্ল্যাটফর্ম হিসেবে দাবি করে থাকে এবং সেখানে নিয়মিত বিভিন্ন ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রচার করা হয়। একটি স্যাটায়ার পেজের এই ব্যঙ্গাত্মক পোস্টটিকেই পরবর্তীতে অনেকেই আসল খবর হিসেবে ধরে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে শুরু করেন। উল্লেখ্য, এর আগেও নাফসিন মেহনাজকে পাকিস্তানি হাইকমিশনারের সাথে জড়িয়ে একাধিক মিথ্যা তথ্য ছড়ানো হয়েছিল, যা পরবর্তীতে ভুয়া প্রমাণিত হয়েছে।
অর্থাৎ, স্যাটায়ার পেজ থেকে নিছক ব্যঙ্গ করার উদ্দেশ্যে তৈরি করা একটি ফটোকার্ডকে সত্য সংবাদ হিসেবে চালিয়ে দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
সুতরাং, নাফসিন মেহনাজ পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ মারুফকে বিয়ে করতে আগ্রহী— শীর্ষক দাবিতে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি নিছক একটি ব্যঙ্গাত্মক পোস্ট থেকে ছড়ানো অপপ্রচার।

