সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন— “ভারতের সীমান্তে গিয়ে আপনারা চোরাকারবারি করবেন, তাতে কোনো সমস্যা নাই, ভারত গুলি করে মারলেই যত সমস্যা।”
তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, রুহুল কবির রিজভী এমন কোনো মন্তব্য করেননি। নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম, বিএনপির অফিসিয়াল বিবৃতি কিংবা রিজভীর বক্তব্যে এই উক্তির অস্তিত্ব পাওয়া যায়নি।
প্রকৃতপক্ষে, সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের গুলি ও হত্যার ঘটনায় রুহুল কবির রিজভী প্রকাশ্যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছিলেন। তার বক্তব্যকে বিকৃত ও প্রসঙ্গচ্যুত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন অর্থে প্রচার করা হয়েছে।
বিশ্লেষণে প্রতীয়মান হয়, রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি এবং জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরির উদ্দেশ্যে রুহুল কবির রিজভীর নামে সম্পূর্ণ বানোয়াট উক্তি প্রচার করা হচ্ছে।
সুতরাং, “চোরাকারবারি করবেন, ভারত গুলি করে মারলেই সমস্যা”—এই বক্তব্যটি রুহুল কবির রিজভীর নয়; এটি সম্পূর্ণ ভুয়া, বিকৃত ও বিভ্রান্তিকর প্রচারণা।

