সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়িয়ে পড়ে যে, ভারতে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৪৮৭ জন মুসলিম নিহত হয়েছেন। কোথাও কোথাও এই সংখ্যা ৪৩১ বলেও প্রচার করা হয়।
তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির কোনো সত্যতা নেই। আন্তর্জাতিক ও ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণে জানা যায়, ০৪ থেকে ১৩ মে পর্যন্ত সংঘটিত সহিংস ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মাত্র একজন মুসলিম ছিলেন। অর্থাৎ, শত শত মুসলিম হত্যার দাবিটি বাস্তব তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
অনুসন্ধানে আরও দেখা যায়, ভাইরাল হওয়া কিছু পোস্টে “বিজিবি” নাম উল্লেখ করা হয়েছে। অথচ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ঘটনায় কোনোভাবেই সম্পৃক্ত নয়। বিশ্লেষণে প্রতীয়মান হয়, “বিজেপি” লিখতে গিয়ে ভুল বা উদ্দেশ্যমূলকভাবে “বিজিবি” ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট তৈরি করা হয়েছে।
প্রচারিত দাবির সূত্র অনুসন্ধানে দেখা যায়, বিভিন্ন ব্যক্তিগত প্রোফাইল ও অনির্ভরযোগ্য পেজ থেকে যাচাইকৃত তথ্য ছাড়াই মৃতের সংখ্যা বাড়িয়ে সাম্প্রদায়িক উসকানিমূলক পোস্ট ছড়ানো হয়েছে। অথচ কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম, সরকারি সূত্র বা মানবাধিকার সংস্থার প্রতিবেদনে ৪৮৭ মুসলিম নিহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
বিশ্লেষণে প্রতীয়মান হয়, রাজনৈতিক সহিংসতার বাস্তব ঘটনাকে বিকৃত করে অতিরঞ্জিত ও সাম্প্রদায়িক বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে ভুয়া সংখ্যা প্রচার করা হয়েছে।
সুতরাং, ভারতে বিধানসভা ভোট-পরবর্তী সহিংসতায় ৪৮৭ মুসলিম নিহত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

