Google search engine
HomePolitics‘এনসিপিতে যোগ দিয়ে জীবনের চরম ভুল করেছি, আসিফের মতো ছেলে আমাকে দিয়ে...

‘এনসিপিতে যোগ দিয়ে জীবনের চরম ভুল করেছি, আসিফের মতো ছেলে আমাকে দিয়ে চা আনায়’—ইসহাক সরকারের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারকে উদ্ধৃত করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হয়েছে, এনসিপিতে যোগ দেওয়াকে নিজের জীবনের ‘চরম ভুল’ উল্লেখ করে তিনি আসিফ মাহমুদের মতো একজনের জন্য চা আনার অভিযোগ করেছেন।

তবে দাবিটির সত্যতা যাচাই করে ইসহাক সরকারের এমন কোনো বক্তব্যের নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তার ব্যক্তিগত ফেসবুক পেজসহ অনলাইনে প্রকাশিত সংশ্লিষ্ট কনটেন্ট পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যটির কোনো উৎস পাওয়া যায়নি। একইভাবে, দেশের কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমেও তার নামে এমন বক্তব্য প্রকাশিত হওয়ার তথ্য মেলেনি।

আলোচিত দাবিটির সঙ্গে ব্যবহৃত ছবিটির উৎস অনুসন্ধান করেও এর সঙ্গে সাম্প্রতিক এনসিপিতে যোগদানের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি মূলত ২০২৫ সালের নভেম্বরে অনুষ্ঠিত ইসহাক সরকারের একটি সংবাদ সম্মেলনের দৃশ্য। সে সময় তিনি বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। অর্থাৎ, পুরোনো একটি ছবি ব্যবহার করে তার নামে নতুন একটি বক্তব্য যুক্ত করা হয়েছে।

এ ছাড়া, দাবিটির সঙ্গে ‘দ্য ডেইলি ক্যাম্পাস’-এর ফটোকার্ডের আদল ব্যবহার করা হলেও সংবাদমাধ্যমটির পক্ষ থেকে এমন কোনো ফটোকার্ড প্রকাশের তথ্যও পাওয়া যায়নি।

সার্বিকভাবে, আলোচিত মন্তব্যটির পক্ষে ইসহাক সরকারের কোনো বক্তব্য, ভিডিও, সাক্ষাৎকার বা নির্ভরযোগ্য সংবাদসূত্র পাওয়া যায়নি। বরং ব্যবহৃত ছবিটিও পুরোনো একটি সংবাদ সম্মেলনের। ফলে তার নামে প্রচারিত মন্তব্যটির নির্ভরযোগ্য ভিত্তি নেই।

সুতরাং, ‘এনসিপিতে যোগ দিয়ে জীবনের চরম ভুল করেছি, আসিফের মতো ছেলে আমাকে দিয়ে চা আনায়’—ইসহাক সরকারের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular