সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একাত্তর টিভির ডিজাইন ও লোগো ব্যবহার করে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, “চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবিরের ওপর বহিরাগত ছাত্রদলের সন্ত্রাসীদের অতর্কিত হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।” এই ফটোকার্ডটি দ্রুত অনলাইনে ছড়িয়ে পড়ে এবং বিভ্রান্তি তৈরি করে।
তথ্য যাচাইয়ে দেখা গেছে, একাত্তর টিভি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। গণমাধ্যমটির ভেরিফায়েড ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
পর্যালোচনায় দেখা যায়, আলোচিত ফটোকার্ডটি আসলে একাত্তর টিভির পূর্বে প্রকাশিত একটি আসল ফটোকার্ডের ডিজিটাল সম্পাদিত সংস্করণ। মূল ফটোকার্ডে “প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন স্কাউটের কার্যনির্বাহী কমিটির সদস্যরা” শীর্ষক সংবাদ ছিল। কিন্তু সেটির ডিজাইন, ছবি ও বিন্যাস অপরিবর্তিত রেখে শিরোনাম পরিবর্তন করে ভুয়া বক্তব্য যুক্ত করা হয়েছে।
এছাড়া, ঘটনার সত্যতা নিশ্চিত করে এমন কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও তারেক রহমানের এমন কোনো মন্তব্য বা প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।
ফলে, একাত্তর টিভির নামে প্রচারিত “শিবিরের ওপর ছাত্রদলের হামলার নিন্দা জানিয়েছেন তারেক রহমান” শীর্ষক ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া, সম্পাদিত এবং বিভ্রান্তিকর।

