সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে—“ইসরাইলে পরিস্থিতি খুবই ভয়াবহ, ইরানের মিসাইলের আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে ইসরাইল।”
তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি বাস্তব নয়। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং সময় টিভির লোগো যুক্ত করে বাস্তব দাবির আভাস দেওয়া হয়েছে। ভিডিও পর্যবেক্ষণে ব্যক্তির মুখাবয়ব ও পারিপার্শ্বিক পরিবেশে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়, যা সাধারণত এআই-তৈরি কনটেন্টে দেখা যায়।
এছাড়া, হাইভ মডারেশনের মতো এআই কনটেন্ট শনাক্তকারী টুল দিয়ে যাচাই করার পর দেখা গেছে, ভিডিওটি প্রায় শতভাগ এআই-জেনারেটেড। আলোচিত সময় টিভির ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল পর্যালোচনা করেও ভিডিওটি পাওয়া যায়নি, যা প্রমাণ করে সময় টিভি এটি প্রকাশ করেনি।
সুতরাং, ইরানের মিসাইল হামলার দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ এআই নির্মিত, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর।

