অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও পরী মনির নামে মাছরাঙা টেলিভিশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আপত্তিকর ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ঘিরে নানা আলোচনা ও কটূক্তি শুরু হয়। এরই মধ্যে মেহজাবীন চৌধুরী লাইভে এসে কান্না করছেন, এমন দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি মেহজাবীনের সাম্প্রতিক কোনো লাইভের দৃশ্য নয়। এটি তাঁর অভিনীত ‘Viral Girl’ নাটকের একটি অংশ। ২০২১ সালের ২৮ জানুয়ারি ‘Live Tech’ নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত নাটকটির ৩১ মিনিট ৩১ সেকেন্ডের দৃশ্যের সঙ্গে আলোচিত ভিডিওটির মিল পাওয়া যায়।
মেহজাবীন চৌধুরী ও মনোজ প্রামাণিক অভিনীত নাটকটির মূল বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই না করে কোনো ঘটনা ছড়িয়ে দেওয়া এবং এর ফলে সৃষ্ট অনলাইন হয়রানি। নাটকে মেহজাবীনের অভিনীত নাজিয়া করিম নামের চরিত্রটির একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর সত্যতা যাচাই না করেই অনেকে তাঁকে নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করে, যার প্রভাব পড়ে তাঁর ব্যক্তিগত ও কর্মজীবনে।
অর্থাৎ, নাটকের কাহিনিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে চরিত্রটির হয়রানির শিকার হওয়ার দৃশ্যকে বাস্তব ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। অথচ ভিডিওটির মূল উৎস ২০২১ সালে প্রকাশিত নাটক, সাম্প্রতিক কোনো লাইভ সম্প্রচার নয়।

