সম্প্রতি ‘প্রাণের নোয়াখালী’ নামের একটি ফেসবুক পেজ থেকে ‘অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন নোয়াখালী-৩ আসনের এমপি বরকতউল্লাহ বুলু’ শিরোনামে একটি তথ্য প্রচার করা হচ্ছে।
প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, ‘NK Nirob Chowdhury’ নামের একটি ফেসবুক আইডি থেকে ‘প্রাণের নোয়াখালী’, ‘ভালোবাসার নোয়াখালী’ ও ‘নোয়াখালী সিটি করপোরেশন’ নামের একাধিক ফেসবুক গ্রুপে একই তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে।
তবে অনুসন্ধানে বরকতউল্লাহ বুলুর পদত্যাগের দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। জাতীয় সংসদ সচিবালয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিংবা বরকতউল্লাহ বুলুর পক্ষ থেকেও তাঁর পদত্যাগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বিবৃতি পাওয়া যায়নি।
প্রকৃতপক্ষে, গত ১৭ নভেম্বর ২০২৬ শারীরিক অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। তাঁর পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করেই নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য বরকতউল্লাহ বুলুর নামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
অর্থাৎ, পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক, বরকতউল্লাহ বুলু নন। নির্ভরযোগ্য কোনো সূত্র ছাড়াই একজন সংসদ সদস্যের পদত্যাগের খবর অন্য একজনের নামে প্রচার করা হচ্ছে।

