জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ‘দেশের অধিকাংশ জেলা স্বৈরাচার আওয়ামী লীগের দখলে চলে গেছে’ বলে মন্তব্য করেছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এতে তাঁর নামে আরও দাবি করা হয়েছে, চট্টগ্রাম, গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ ও বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল-মিটিং করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, নাহিদ ইসলাম এমন কোনো মন্তব্য করেননি। তাঁর নামে প্রচারিত বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলো পর্যবেক্ষণ করা হয়। তবে বক্তব্যটির উৎস বা সত্যতা নিশ্চিত করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি। পরে নাহিদ ইসলামের ব্যক্তিগত ফেসবুক পেজ পর্যালোচনা করেও এ ধরনের কোনো বক্তব্যের সন্ধান মেলেনি।
এ ছাড়া নাহিদ ইসলামের মতো একজন রাজনৈতিক নেতার এমন মন্তব্যের বিষয়ে মূলধারার গণমাধ্যমেও কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে রিউমর স্ক্যানার এনসিপির মিডিয়া সেলের সঙ্গে যোগাযোগ করলে তারাও নিশ্চিত করে, নাহিদ ইসলাম এমন কোনো মন্তব্য করেননি।
সুতরাং, ‘দেশের অধিকাংশ জেলা আওয়ামী লীগের দখলে চলে গেছে’—এমন মন্তব্য নাহিদ ইসলাম করেননি। তাঁর নামে প্রচারিত ফটোকার্ডের বক্তব্যটি ভুয়া ও বানোয়াট।

