Google search engine
HomePolitics‘ভারত আওয়ামী লীগের মাধ্যমে প্রক্সি যুদ্ধে নেমেছে’—তারেক রহমানের নামে ভুয়া বক্তব্য প্রচার

‘ভারত আওয়ামী লীগের মাধ্যমে প্রক্সি যুদ্ধে নেমেছে’—তারেক রহমানের নামে ভুয়া বক্তব্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভারত আওয়ামী লীগের মাধ্যমে প্রক্সি যুদ্ধে নেমেছে’ বলে মন্তব্য করেছেন—এমন দাবিতে একটি বক্তব্য প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, গত ১৭ নভেম্বর দৈনিক ইনকিলাবের একটি মতামত কলামে লেখক মোবায়েদুর রহমান নিজের মতামত হিসেবে আলোচিত কথাটি লিখেছেন। পরবর্তীতে কলামের বক্তব্যকে তারেক রহমানের মন্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাইয়ে তারেক রহমানের এমন মন্তব্যের পক্ষে কোনো ভিডিও, সরকারি বিবৃতি কিংবা নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। পরবর্তীতে দাবিটির সূত্র অনুসন্ধান করতে গিয়ে দৈনিক ইনকিলাবের ওয়েবসাইটে গত ১৭ নভেম্বর রাত ১২টায় প্রকাশিত ‘ভারত আওয়ামী লীগের মাধ্যমে প্রক্সি যুদ্ধে নেমেছে : তারেক রহমান হুঁশিয়ার’ শিরোনামের একটি মতামত কলাম পাওয়া যায়।

কলামটি লিখেছেন মোবায়েদুর রহমান। এতে লেখক নিজের মতামত তুলে ধরে দাবি করেন, ভারত সরাসরি হস্তক্ষেপ করতে না পেরে আওয়ামী লীগকে ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে নেমেছে। কলামের শেষাংশে তিনি লেখেন, ‘ভারত বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেমে পড়েছে। নিজেরা সরাসরি হস্তক্ষেপ করতে পারে না বলে আওয়ামী লীগকে মাঠে নামিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আমাদের সতর্কবার্তা এই যে, সরকার আওয়ামী লীগকে মোকাবিলা করছে না, করছে ভারতকে। ভারত আওয়ামী লীগের মাধ্যমে প্রক্সি যুদ্ধে নেমেছে। সুতরাং, বিএনপি সরকার হুঁশিয়ার!’

অর্থাৎ, আলোচিত মন্তব্যটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়; এটি কলাম লেখক মোবায়েদুর রহমানের নিজের বক্তব্য। কলামের শিরোনামে তারেক রহমানের নাম থাকলেও মূল লেখায় বক্তব্যটি তাঁর উদ্ধৃতি হিসেবে উল্লেখ করা হয়নি।

এ ছাড়া গত ১৭ নভেম্বর দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ওই দিন দুপুরে এক আলোচনা সভায় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগকে ব্যবহার করছে। তবে এটি হাসনাত আবদুল্লাহর বক্তব্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়।

সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভারত আওয়ামী লীগের মাধ্যমে প্রক্সি যুদ্ধে নেমেছে’—এমন কোনো মন্তব্য করেননি। দৈনিক ইনকিলাবের মতামত কলামে লেখক মোবায়েদুর রহমানের নিজস্ব বক্তব্যকে তারেক রহমানের মন্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে। দাবিটি ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular