বাংলাদেশ নাকি নতুন গঙ্গা পানিবণ্টন চুক্তির দাবি থেকে সরে এসে শুধু ১৯৯৬ সালের বিদ্যমান চুক্তি নবায়নের অনুরোধ জানিয়েছে। গত ২৩ নভেম্বর ভারতের সংবাদমাধ্যম ‘ডেকান ক্রনিকল’-এ এমন দাবি করা হয়েছে। তবে বাংলাদেশের সরকারি অবস্থান ও সংশ্লিষ্ট বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্য বিষয় পর্যালোচনা করলে প্রতিবেদনটির এই ব্যাখ্যার পক্ষে স্পষ্ট ভিত্তি পাওয়া যায় না।
গত ২২ নভেম্বর ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসি) যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত ১৯৯৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন পরিস্থিতি পর্যালোচনা এবং ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়। বাংলাদেশের পক্ষে যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতের পক্ষে শরদ চন্দ্র নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকটি ছিল চুক্তির আওতায় ফারাক্কা পয়েন্টে শুষ্ক মৌসুমের পানিপ্রবাহ পর্যবেক্ষণ ও তথ্য বিনিময়ের নিয়মিত কারিগরি প্রক্রিয়ার অংশ। নতুন চুক্তি নিয়ে আলোচনা কিংবা চুক্তি নবায়নের সিদ্ধান্ত নেওয়া এ কমিটির এখতিয়ারভুক্ত ছিল না। এ বিষয়টি দ্য ডেইলি স্টার ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদনেও উঠে এসেছে।
অন্যদিকে, বাংলাদেশের নতুন চুক্তির বিষয়ে ঘোষিত অবস্থানও রয়েছে। গত ২৪ সেপ্টেম্বর পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের জানান, বাংলাদেশ ১৯৯৬ সালের চুক্তি কেবল নবায়ন করতে চায় না, বরং গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি করতে চায়। শুষ্ক মৌসুমে বাংলাদেশের ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করতে নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করার বিষয়েও তিনি গুরুত্ব দেন। জাতিসংঘ সংবাদ সংস্থা ইউএনবি ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তাঁর এই বক্তব্য প্রকাশ করে।
এ ছাড়া, ২৩ নভেম্বর দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, নতুন চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনার জন্য বাংলাদেশ জুন ও আগস্টে ভারতকে অনুরোধ জানিয়েছিল। পানিসম্পদমন্ত্রীও কূটনৈতিক চ্যানেলে তাঁর ভারতীয় প্রতিপক্ষকে আলোচনা শুরুর অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন। তবে ভারত এখনো আনুষ্ঠানিক আলোচনার সময়সূচি জানায়নি। একই দিনে ঢাকা স্ট্রিমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ নভেম্বর পাঠানো ওই চিঠিতে দ্রুত আলোচনা শুরুর অনুরোধ জানানো হয়েছে।
তবে চুক্তি নবায়ন বা নতুন চুক্তি নিয়ে আলোচনার ভাষা এবং সরকারের বিভিন্ন পর্যায়ের বক্তব্যে ‘নবায়ন’ ও ‘নতুন চুক্তি’ দুই ধরনের শব্দের ব্যবহার রয়েছে। ফলে আলোচনার কাঠামো বা চূড়ান্ত সমঝোতা নিয়ে এখনো অনিশ্চয়তা থাকলেও শুধু ৯১তম নিয়মিত কারিগরি বৈঠকের ভিত্তিতে বাংলাদেশ নতুন চুক্তির দাবি প্রত্যাহার করেছে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
সুতরাং, বাংলাদেশ নতুন গঙ্গা পানিবণ্টন চুক্তির দাবি থেকে সরে এসে শুধু ১৯৯৬ সালের চুক্তি নবায়নের অনুরোধ জানিয়েছে, ডেকান ক্রনিকলের এই প্রতিবেদনটি বাংলাদেশের ঘোষিত অবস্থান ও বৈঠকের প্রকৃত আলোচ্য বিষয়কে যথাযথভাবে তুলে ধরে না। দাবিটি বিভ্রান্তিকর।

