সম্প্রতি, চট্টগ্রামের ফটিকছড়িতে মাইকিং করে আওয়ামী লীগের বিশাল মশাল মিছিল হয়েছে দাবিতে দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, ফটিকছড়িতে আওয়ামী লীগের মিছিলের দৃশ্য দাবিতে প্রচারিত ছবি দুটি আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ছবিগুলো তৈরি করা হয়েছে।
আলোচিত ছবিগুলো সম্পর্কে অনুসন্ধান করে জাতীয় কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এগুলোর বাস্তব দৃশ্য হওয়ার পক্ষে তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি ছবি দুটি পর্যবেক্ষণ করে বেশ কিছু অস্বাভাবিকতা দেখা যায়। মশালের দৃশ্য, মানুষের জমায়েত এবং ছবিতে থাকা ব্যক্তিদের মুখাবয়বে অস্পষ্টতা রয়েছে, যা এআই দিয়ে তৈরি ছবির সাধারণ বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়।
পরবর্তীতে ছবি দুটি এআই কনটেন্ট শনাক্তকারী টুলে বিশ্লেষণ করেও সেগুলো কৃত্রিমভাবে তৈরি হওয়ার ইঙ্গিত পাওয়া যায়।
অর্থাৎ, ফটিকছড়িতে আওয়ামী লীগের মাইকিং করে বিশাল মশাল মিছিলের বাস্তব দৃশ্য হিসেবে প্রচারিত ছবি দুটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।
সুতরাং, চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের মাইকিং করে বিশাল মশাল মিছিলের দাবিতে প্রচারিত ছবি দুটি এআই দিয়ে তৈরি।

