কার্যক্রম নি/ষি/দ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটিকে শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে চলমান ষ/ড়/যন্ত্রের দৃশ্য বলে প্রচার করা হচ্ছে।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং এর সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরা ঠেকানোর কোনো ষড়যন্ত্রের সম্পর্ক নেই। প্রকৃতপক্ষে, গত মে মাসে অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) ৪৬তম জাতীয় সমাবেশের পুরোনো ভিডিওকে ভিন্ন প্রেক্ষাপটে প্রচার করা হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম ইনডিপেনডেন্ট টেলিভিশনের ইউটিউব চ্যানেলে গত ২০ মে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির মিল পাওয়া যায়। মূল ভিডিওতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের আলাপের দৃশ্য দেখা যায়। সে সময় সেখানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদও উপস্থিত ছিলেন।
এ ছাড়া, মূলধারার গণমাধ্যম ঢাকা টাইমসের ওয়েবসাইটে ২০ মে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ওই দিন গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে বাহিনীটির ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ছয় মাস আগের মূল ভিডিওটি পর্যবেক্ষণ করে শেখ হাসিনার দেশে ফেরা বা তাঁকে ঠেকানোর কোনো ষ/ড়/যন্ত্রসংক্রান্ত আলোচনা কিংবা সংশ্লিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, আনসার-ভিডিপির জাতীয় সমাবেশের পুরোনো ভিডিওকে শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়ার ষড়যন্ত্রের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

