নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক রক্তাক্ত নারীর ভিডিও প্রচার করা হচ্ছে। আওয়ামী লীগপন্থী বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করে ওই নারীকে নড়াইলের হিন্দু সম্প্রদায়ের ভুক্তভোগী হিসেবে দাবি করা হচ্ছে। ভিডিওতে ওই নারীকে ক্যামেরার সামনে নিজের আক্রান্ত হওয়ার কথা বলতে শোনা যায়। তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি নড়াইলের সাম্প্রতিক ঘটনার নয়।
গুগল রিভার্স সার্চে ভিডিওটির অনলাইন উপস্থিতি পাওয়া যায় গত ১০ নভেম্বর থেকে। অর্থাৎ, নড়াইলের বেন্দারচরে গত ২০ নভেম্বরের ঘটনার অন্তত ১০ দিন আগেই ভিডিওটি অনলাইনে প্রকাশিত হয়েছিল। ভারত থেকে পরিচালিত একটি ইউটিউব চ্যানেলেও ওই তারিখে ভিডিওটি পাওয়া যায়। তবে সেখানে ভিডিওটির স্থান, ঘটনার সময় কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
ভিডিওতে রক্তাক্ত ওই নারীকে বলতে শোনা যায়, “হ্যালো বন্ধুরা, দেখো আমাদের কী অবস্থা করিছে, দেখো। আমাদের এরিয়াতে আমরা ঘর করছি, তাও আমাদের আপত্তি করতে আসছে।” তাঁর বক্তব্যে ঘর নির্মাণ ও জমিজমাসংক্রান্ত বিরোধের ইঙ্গিত পাওয়া যায়। তবে ভিডিওতে উল্লেখিত ঘটনার স্থান বা প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, নড়াইলের বেন্দারচরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার অভিযোগ পুলিশ ও স্থানীয় হিন্দু বাসিন্দারা নাকচ করেছেন। বাংলা ট্রিবিউনের ২১ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনেও স্থানীয় হিন্দু বাসিন্দাদের বক্তব্য তুলে ধরে জানানো হয়, তাঁদের বাড়িঘরে হামলা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।
অর্থাৎ, ভিডিওটি নড়াইলের ঘটনার আগেই অনলাইনে প্রকাশিত হয়েছিল। এর প্রকৃত স্থান ও ঘটনার পরিচয়ও নিশ্চিত নয়। এমন একটি পুরোনো ভিডিওকে নড়াইলের হিন্দু নারীর ওপর হামলার প্রমাণ হিসেবে প্রচার করা হচ্ছে।
সুতরাং, নড়াইলের হিন্দু নারীকে নির্যাতনের শিকার হিসেবে উপস্থাপন করে প্রচারিত ভিডিওটি পুরোনো এবং এর সঙ্গে বেন্দারচরের সাম্প্রতিক ঘটনার কোনো প্রমাণিত সম্পর্ক নেই।

