‘যে বিশ্ববিদ্যালয়ে বিপ্লবী হাদির নাম মুছে ফেলা হয় ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার আর কোনো ইচ্ছা আমার নেই’—এমন মন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সাবেক সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) করেছেন দাবিতে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত বক্তব্যের পক্ষে প্রচারিত পোস্টগুলোতে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র উল্লেখ করা হয়নি। এ ছাড়া প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও তাঁর এমন বক্তব্যের কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।
আলোচিত ফটোকার্ডটির উৎস অনুসন্ধান করে দেখা যায়, গত ২৩ সেপ্টেম্বর ‘Gupto TV’ নামের একটি ফেসবুক পেজে একই ফটোকার্ড প্রকাশ করা হয়। পেজটির তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এটি নিজেকে প্যারোডি বা স্যাটায়ার পেজ হিসেবে পরিচয় দেয়। একই পেজে বিভিন্ন সময় এ ধরনের আরও একাধিক ব্যঙ্গাত্মক পোস্টও প্রকাশ করা হয়েছে।
অর্থাৎ, ফটোকার্ডটির মূল উৎস কোনো সংবাদমাধ্যম বা শেহরীন আমিন ভূঁইয়ার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম নয়; বরং একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট। পরবর্তীতে ওই কনটেন্টের ব্যঙ্গাত্মক প্রেক্ষাপট বাদ দিয়ে সেটিকে বাস্তব বক্তব্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
সুতরাং, ‘যে বিশ্ববিদ্যালয়ে হাদির নাম মুছে ফেলা হয় ওই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার ইচ্ছা নেই’—এমন মন্তব্য শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) করেছেন দাবিটি ভুয়া ও বানোয়াট।

