Google search engine
HomeOthersবাংলাদেশে ২০ বছরের হিন্দু তরুণীর সঙ্গে ৬৫ বছর বয়সী মুসলিম পুরুষের জোরপূর্বক...

বাংলাদেশে ২০ বছরের হিন্দু তরুণীর সঙ্গে ৬৫ বছর বয়সী মুসলিম পুরুষের জোরপূর্বক বিয়ের দাবিতে স্ক্রিপ্টেড ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশে ২০ বছর বয়সী এক হিন্দু তরুণীকে ৬৫ বছর বয়সী এক মুসলিম পুরুষের সঙ্গে জোরপূর্বক বিয়ে দেওয়া হয়েছে। প্রচারিত ভিডিওতে তরুণীকে একটি গাড়িতে বসে কান্নাকাটি করতে এবং কথিত স্বামীর বাড়িতে যেতে অস্বীকৃতি জানাতে দেখা যায়। ক্যাপশনে ঘটনাটিকে বাস্তব দাবি করে তরুণীকে উদ্ধারের আকুতি হিসেবেও উপস্থাপন করা হয়েছে।

দাবিটির সত্যতা যাচাই করতে ভিডিওটির উৎস অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে Wedding Studio নামের একটি ফেসবুক পেজে একই নারী ও পুরুষকে নিয়ে প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত ওই ভিডিওর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির দৃশ্য, চরিত্র এবং পারিপার্শ্বিকতার উল্লেখযোগ্য মিল রয়েছে।

আরও অনুসন্ধানে দেখা যায়, ওই ফেসবুক পেজে একই নারী ও পুরুষকে নিয়ে একই ধরনের আরও একাধিক ভিডিও প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, ভিন্ন নারী ও পুরুষকে নিয়ে জোরপূর্বক বিয়ে কিংবা পারিবারিক দ্বন্দ্বের অনুরূপ গল্পের ভিডিওও পেজটিতে নিয়মিত প্রকাশ করা হয়।

গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব ভিডিওর কয়েকটিতে স্পষ্টভাবে ডিসক্লেইমার দেওয়া রয়েছে যে প্রদর্শিত ঘটনা ও কাহিনি কাল্পনিক এবং ভিডিওগুলো স্ক্রিপ্টেড। অর্থাৎ, ভিডিওগুলো বাস্তব কোনো ঘটনার দৃশ্য হিসেবে নয়, অভিনয় ও পূর্বনির্ধারিত গল্পের ভিত্তিতে তৈরি কনটেন্ট হিসেবে প্রকাশ করা হয়েছে।

পেজটির তথ্য ও ট্রান্সপারেন্সি বিভাগও যাচাই করা হয়। সেখানে দেখা যায়, Wedding Studio নামে ২০২২ সালের ২৮ জুলাই পেজটি তৈরি করা হয়। পরবর্তীতে ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি এর নাম পরিবর্তন করে AN Media রাখা হলেও একই বছরের ১৮ এপ্রিল আবার Wedding Studio নামটি ফিরিয়ে আনা হয়। পেজটি বাংলাদেশ থেকে পরিচালিত এবং সেখানে নিয়মিত একই ধরনের অভিনীত ভিডিও প্রকাশ করা হয়।

ফলে ভিডিওটির উৎস, একই চরিত্রকে নিয়ে প্রকাশিত অন্যান্য কনটেন্ট এবং সংশ্লিষ্ট পেজের ডিসক্লেইমার পর্যালোচনা করলে স্পষ্ট হয়, আলোচিত ভিডিওটি কোনো বাস্তব বিয়ের ঘটনার দৃশ্য নয়। বরং পূর্বনির্ধারিত গল্প অনুযায়ী তৈরি একটি অভিনীত বা স্ক্রিপ্টেড ভিডিওকে ভিন্ন পরিচয় ও সাম্প্রদায়িক প্রেক্ষাপট যুক্ত করে প্রচার করা হয়েছে

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular