Google search engine
HomePolitics‘ক্যাঙ্গারু কোর্টের বিরুদ্ধে জনগণ মিছিল করেছে’—দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর।

‘ক্যাঙ্গারু কোর্টের বিরুদ্ধে জনগণ মিছিল করেছে’—দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্ট’ বলে তার বিরুদ্ধে দেশের মানুষ রাজপথে গর্জে উঠেছে। ভিডিওতে রাস্তার দুই ধারে বিপুল মানুষ হেঁটে যাচ্ছে, আশপাশে গাছ, ল্যাম্পপোস্ট ও উঁচু ভবন দেখা যায় এবং ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এমন স্লোগান শোনা যায়। পোস্টগুলোতে ভিডিওটি কবে বা কোথায় তোলা, সেই তথ্য নেই। রায় নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে এ ধরনের দাবি জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে।

যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি ট্রাইব্যুনালের সাজার প্রতিবাদে কোনো নতুন মিছিল নয়। এটি ২০২৪ সালের ৫ আগস্ট ঢাকায় শ্যামলী থেকে গণভবনমুখী ছাত্র-জনতার মিছিলের পুরোনো ফুটেজ।

প্রেক্ষাপট এমন—২০২৪-এর গণ-অভ্যুত্থান দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাধিক পলাতক নেতা-কর্মীকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ বিভিন্ন সাজা দিয়েছেন; আরও মামলার বিচার চলছে। এ রায়গুলোকে আওয়ামী লীগপন্থী কিছু পলাতক ও আত্মগোপনকারী নেতা-কর্মী অনলাইনে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বলে প্রচার করছেন। সেই ধারায় এই ভিডিওকে এখন প্রতিবাদ মিছিল বলে চালানো হচ্ছে।

কী-ফ্রেম ও কিওয়ার্ড খোঁজে জাতীয় কোনো গণমাধ্যমে রায়ের প্রতিবাদে এমন মিছিল বা সমাবেশের খবর মেলেনি। একই ফুটেজ ‘Hasan Chowdhury’ নামের একটি ফেসবুক পেজে ৬ আগস্ট ২০২৬-এ পাওয়া যায়; সেখানে বলা আছে, ভিডিওটি ৫ আগস্ট ২০২৪-এ তোলা। সাংবাদিক মো. মুক্তাদির রশিদের ব্যক্তিগত অ্যাকাউন্টেও একই ভিডিও আছে, ক্যাপশনে লেখা—‘Aug 5, 2024 when I was covering for international media’। তিনি বাংলা আউটলুক এবং থাইল্যান্ড থেকে প্রকাশিত দ্য ইরাবতী ইংরেজি সংস্করণে কাজ করেন।

৫ আগস্ট ২০২৬-এ প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ (PUSAB)-এর ভেরিফায়েড পেজেও ভিডিওটি শেয়ার হয়। ক্যাপশনে বলা হয়, শ্যামলী শিশুমেলা থেকে গণভবন সড়কে ৩৬ জুলাই ২০২৪-এর মিছিল; ভিডিও মুক্তাদির রশিদ রোমিওর। ৩২ সেকেন্ডের ক্লিপে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাইনবোর্ড এবং একটি লাল ভবন দেখা যায়। গুগল স্ট্রিট ভিউ ও ম্যাপ মিলিয়ে স্থানটি শেরেবাংলা নগরে ওই হাসপাতালের সামনের সড়ক বলে নিশ্চিত হওয়া গেছে।

যাচাইয়ে ভাইরাল পোস্ট, পুরোনো আপলোড, সাংবাদিকের ক্যাপশন, ছাত্র সংগঠনের পেজ, স্লোগান, সাইনবোর্ড এবং লোকেশন ম্যাপ একসঙ্গে দেখা হয়েছে। ফল স্পষ্ট—দুই বছর আগের গণভবনমুখী মিছিলকে এখন আদালতের রায়বিরোধী বিক্ষোভ বলে প্রচার করা হচ্ছে। এতে সময় ও প্রেক্ষাপট বদলে দেওয়া হয়।

অতএব, ‘ক্যাঙ্গারু কোর্টের বিরুদ্ধে জনগণ মিছিল করেছে’—দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular