সামাজিক যোগাযোগমাধ্যমে ডাকসুর কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, তাঁর হাতে লাল পাসপোর্ট দেখা গেছে। ছবিটি ব্যবহার করে রাফিয়া লাল পাসপোর্ট ‘ম্যানেজ’ করেছেন—এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে।
ছবিটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা যায়, প্রচারিত ছবিটির সঙ্গে রাফিয়ার হাতে থাকা বস্তুর অংশে অসঙ্গতি রয়েছে। একই দৃশ্যের অন্য ভিডিও ও ছবির সঙ্গে তুলনা করলে সেখানে তাঁর হাতে লাল পাসপোর্টের পরিবর্তে বই বা ডায়েরিসদৃশ একটি বস্তু দেখা যায়।
অনুসন্ধানে পাওয়া একই অনুষ্ঠানের ভিডিওতেও রাফিয়ার হাতে ওই বই বা ডায়েরিই দেখা যায়। এসব দৃশ্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির তুলনা করলে বোঝা যায়, মূল ছবিতে থাকা বস্তুটি পরিবর্তন করে লাল রঙের পাসপোর্টসদৃশ বস্তু যুক্ত করা হয়েছে।
অর্থাৎ, রাফিয়ার হাতে লাল পাসপোর্ট থাকার দাবিতে যে ছবিটি প্রচার করা হচ্ছে, সেটি মূল ছবির হুবহু উপস্থাপন নয়। প্রযুক্তির সাহায্যে ছবির নির্দিষ্ট অংশ পরিবর্তন করে নতুন একটি দৃশ্য তৈরি করা হয়েছে। ফলে সম্পাদিত ছবির ওপর ভিত্তি করে রাফিয়ার বিরুদ্ধে করা দাবিটির কোনো নির্ভরযোগ্য ভিত্তি পাওয়া যায় না।
সুতরাং, ‘রাফিয়ার হাতে লাল পাসপোর্ট’ দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে সম্পাদিত।

