ট্রাকচালকের কাছে চাঁদা দাবি করায় এক ব্যক্তিকে গলা ধরে টেনে ট্রাকে তুলে নেওয়া হয়েছে দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটি দেখে ঘটনাটিকে চাঁ`দা`বা`জির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার বাস্তব দৃশ্য বলে মনে হলেও এর সঙ্গে বাস্তব কোনো ঘটনার সম্পর্ক নেই।
ভিডিওটির উৎস অনুসন্ধান করে ‘Ruhul vlog’ নামের একটি ফেসবুক পেজে গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত এর দীর্ঘ সংস্করণ পাওয়া যায়। সেখানে ভিডিওটির শিরোনামে চাঁদাবাজমুক্ত বাংলাদেশের প্রত্যাশা নিয়ে লেখা থাকলেও ঘটনাটি বাস্তব—এমন কোনো তথ্য দেওয়া হয়নি।
ভিডিওটির পূর্ণাঙ্গ সংস্করণ পর্যালোচনায় দেখা যায়, শেষ দিকে অভিনয় করা ব্যক্তিরাই ভিডিওটির প্রকৃতি সম্পর্কে স্পষ্ট করেন। তারা জানান, এটি তাদের তৈরি একটি সাজানো ভিডিও এবং বাস্তব ঘটনার সঙ্গে মিল রেখে তারা এ ধরনের কনটেন্ট তৈরি করেন। একই ফেসবুক পেজে অনুসন্ধান করেও অভিনয়ের মাধ্যমে তৈরি একই ধরনের আরও একাধিক ভিডিও পাওয়া যায়।
অর্থাৎ, ভিডিওতে চাঁ`দা`বা`জির একটি পরিস্থিতি অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করা হলেও পরবর্তীতে এর প্রেক্ষাপট বাদ দিয়ে সেটিকে বাস্তব ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে। ফলে ভিডিওটির অভিনয়কে সত্যিকারের চাঁ`দা`বা`জির ঘটনা হিসেবে গ্রহণ করার সুযোগ নেই।
সুতরাং, চাঁ`দা`বা`জকে গলা ধরে ট্রাকে তুলে নেওয়ার দৃশ্যটি বাস্তব ঘটনার ভিডিও হিসেবে প্রচার করা হলেও এটি অভিনয়ের মাধ্যমে তৈরি সাজানো ভিডিও।

