Google search engine
HomePoliticsজুলাই অভ্যুত্থানের সময় মীর মুশফিকুর রহমান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম...

জুলাই অভ্যুত্থানের সময় মীর মুশফিকুর রহমান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার ছিলেন—এমন দাবি বিভ্রান্তিকর।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রাম এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান দায়িত্ব পালন করেছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। একইসঙ্গে তাকে আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অধীনস্থ সেনাসদস্যদের নির্দেশ দেওয়া একজন সামরিক কর্মকর্তা হিসেবেও তুলে ধরা হয়েছে।

তবে সংশ্লিষ্ট সময়ের দায়িত্বের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, জুলাই অভ্যুত্থানের সময় মীর মুশফিকুর রহমান চট্টগ্রাম এরিয়া কমান্ডার বা ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন না। সে সময় তিনি সেনাসদরের সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সরকারের সশস্ত্র বাহিনী বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত মীর মুশফিকুর রহমানের জীবনী অনুযায়ী, তিনি ২০২৪ সালের ২১ অক্টোবর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অর্থাৎ, জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের পর তিনি চট্টগ্রাম এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি পদে যোগ দেন।

অন্যদিকে, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রাম এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বে ছিলেন মেজর জেনারেল মো. মাইনুর রহমান। ২০২৪ সালের ১৪ অক্টোবরের একটি প্রতিবেদনে সেনাবাহিনীর ওই সময়ের রদবদলের তথ্য উল্লেখ করে জানানো হয়, মাইনুর রহমানকে ওই পদ থেকে সরিয়ে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি করা হয় এবং তার স্থলাভিষিক্ত হন মীর মুশফিকুর রহমান।

ফলে প্রচারিত পোস্টে দুই কর্মকর্তার দায়িত্বের সময়কাল এক করে ফেলা হয়েছে। মীর মুশফিকুর রহমান জুলাই অভ্যুত্থানের সময় সেনাসদরে সামরিক সচিবের দায়িত্বে ছিলেন এবং পরে চট্টগ্রাম এরিয়া কমান্ডার হন। আর জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রাম অঞ্চলের সামরিক কমান্ডের দায়িত্বে ছিলেন মেজর জেনারেল মো. মাইনুর রহমান।

সুতরাং, জুলাই অভ্যুত্থানের সময় মীর মুশফিকুর রহমান ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার ছিলেন—এমন দাবি বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular