সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের ছবি সম্বলিত একটি ফটোকার্ড ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, তিনি মন্তব্য করেছেন, “ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে দেশবাসী আমার মরা মুখ দেখবে।” তবে মেহের আফরোজ শাওনের নামে প্রচারিত এই মন্তব্য এবং ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
অনুসন্ধানে জানা যায়, মেহের আফরোজ শাওন বাস্তবে এমন কোনো মন্তব্য কখনোই করেননি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে তাঁর এমন বক্তব্যের পক্ষে ন্যূনতম কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। মূলত গত ৩ সেপ্টেম্বর ‘C16 Archive’ নামের একটি ফেসবুক পেজ থেকে ফটোকার্ড আকারে প্রথম এই ভুয়া দাবিটির সূত্রপাত হয়, যা পরবর্তীতে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে।
‘C16 Archive’ নামের ওই পেজটির পরিচিতি বা ‘অ্যাবাউট’ সেকশন পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি নিজেদের একটি স্যাটায়ার বা প্যারোডি প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেছে। পেজটি থেকে এর আগেও বিভিন্ন সময়ে তথ্য-প্রমাণহীন ও বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করার প্রমাণ রয়েছে। মূলত একটি স্যাটায়ার পেজ থেকে নিছক ব্যঙ্গ করার উদ্দেশ্যে তৈরি করা একটি কাল্পনিক কনটেন্টকেই পরবর্তীতে অনেকে আসল খবর হিসেবে ধরে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে শুরু করেন।
অর্থাৎ, স্যাটায়ার পেজ থেকে ছড়ানো একটি ভিত্তিহীন ও কাল্পনিক মন্তব্যকে সত্য সংবাদ হিসেবে চালিয়ে দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে।
সুতরাং, “ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে দেশবাসী আমার মরা মুখ দেখবে” শীর্ষক মন্তব্যটি অভিনেত্রী মেহের আফরোজ শাওন করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং এটি নিছক একটি ব্যঙ্গাত্মক পোস্ট থেকে ছড়ানো অপপ্রচার।

