ফিলিস্তিনে মুসলিমদের গ্যাস প্রয়োগ করে হ\`ত্যার দৃশ্য দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে কয়েকজন মানুষকে একটি ঘরের ভেতর গ্যাসের প্রভাবে মৃ\`ত্যুর মুখে পড়তে দেখা যায়। ভিডিওটি ফিলিস্তিনের সাম্প্রতিক স\`হিং\`সতার দৃশ্য হিসেবে প্রচার করা হলেও দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা সূত্র উল্লেখ করা হয়নি।
তবে ভিডিওটির দৃশ্য যাচাই করে দেখা যায়, এটি ফিলিস্তিনের কোনো সাম্প্রতিক ঘটনার ভিডিও নয়। বরং দৃশ্যটি সুইডিশ নির্মাতা রয় অ্যান্ডারসনের ১৯৯১ সালের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘World of Glory’ থেকে নেওয়া।
ভিডিওটির উৎস অনুসন্ধানে ‘Clara Martínez Malagelada’ নামের একটি ইউটিউব চ্যানেলে ২০১৪ সালের ১৩ জুলাই প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির দৃশ্যের স্পষ্ট মিল রয়েছে। ভিডিওটির শিরোনাম ও বর্ণনাতেও দৃশ্যটিকে রয় অ্যান্ডারসনের ‘World of Glory’ চলচ্চিত্রের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, ‘Alchetron’ নামের একটি তথ্যভিত্তিক ওয়েবসাইটে প্রকাশিত ‘World of Glory’ চলচ্চিত্রসংক্রান্ত তথ্যেও একই বিষয়ের উল্লেখ পাওয়া যায়। ফলে ভিডিওটির প্রকৃত উৎস ও প্রেক্ষাপট ফিলিস্তিনের সাম্প্রতিক কোনো ঘটনা নয়, বরং বহু বছর আগে নির্মিত একটি সুইডিশ চলচ্চিত্রের দৃশ্য।
অর্থাৎ, ১৯৯১ সালে নির্মিত ‘World of Glory’ চলচ্চিত্রের দৃশ্যকে ভিন্ন প্রেক্ষাপটে উপস্থাপন করে ফিলিস্তিনে মুসলিমদের গ্যাস প্রয়োগ করে হত্যার দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে। পুরোনো চলচ্চিত্রের দৃশ্যকে সমসাময়িক ফিলিস্তিনের ঘটনা হিসেবে উপস্থাপনের মাধ্যমে ভিডিওটির প্রকৃত পরিচয় ও প্রেক্ষাপট আড়াল করা হয়েছে।
সুতরাং, রয় অ্যান্ডারসনের ‘World of Glory’ চলচ্চিত্রের দৃশ্যকে ফিলিস্তিনে মুসলিমদের গ্যাস প্রয়োগ করে হত্যার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; দাবিটি মিথ্যা।

