Google search engine
HomePoliticsশেখ হাসিনা ও শেখ রেহানাকে সম্প্রতি ভারতে প্রকাশ্যে দেখা গেছে দাবিতে প্রচারিত...

শেখ হাসিনা ও শেখ রেহানাকে সম্প্রতি ভারতে প্রকাশ্যে দেখা গেছে দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২২ সালের পুরোনো; ভিডিওটিকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।

‘ভারতে প্রকাশ্যে দেখা মিললো শেখ হাসিনা ও শেখ রেহানার’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে কয়েকজন ব্যক্তিকে দিল্লির একটি ধর্মীয় স্থাপনা থেকে বের হতে দেখা যায় এবং এটিকে সাম্প্রতিক সময়ে ভারতে শেখ হাসিনা ও শেখ রেহানার প্রকাশ্য উপস্থিতির দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।

তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। ভিডিওটির দৃশ্য ২০২২ সালের ৫ সেপ্টেম্বর শেখ হাসিনার ভারত সফরের সময় দিল্লির নিজামুদ্দিন আউলিয়া দরগাহ জিয়ারতের সঙ্গে সম্পর্কিত। ওইদিন চার দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে গিয়ে শেখ হাসিনা নিজামুদ্দিন আউলিয়া দরগাহে গিয়ে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। সমসাময়িক একাধিক সংবাদ প্রতিবেদনে তার ওই দরগাহ সফরের তথ্য প্রকাশিত হয়।

সেসময়ের সংবাদ প্রতিবেদনগুলোতে আরও জানা যায়, ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দিল্লিতে অবস্থানের সময় শেখ হাসিনা নিয়মিত নিজামুদ্দিন আউলিয়া দরগাহে যেতেন। ওই সময় শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে অবস্থান করেছিলেন বলেও সমসাময়িক প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি বর্তমান সময়ের কোনো ঘটনা বা সাম্প্রতিক ভারতে প্রকাশ্য উপস্থিতির দৃশ্য নয়। বরং ২০২২ সালের ভারত সফরের সময় ধারণ করা পুরোনো ভিডিওকে সময়কাল উল্লেখ না করে সাম্প্রতিক ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে। ফলে ভিডিওটি দেখে শেখ হাসিনা ও শেখ রেহানার বর্তমান সময়ে ভারতে প্রকাশ্যে আসার বিষয়টি প্রমাণিত হয় না।

সুতরাং, শেখ হাসিনা ও শেখ রেহানাকে সম্প্রতি ভারতে প্রকাশ্যে দেখা গেছে দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২২ সালের পুরোনো; ভিডিওটিকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular