সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে সেটিকে বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ভিডিওটিতে কয়েকজন ব্যক্তিকে আটক করে স্থানীয় লোকজনের মারধর করতে দেখা যায়। পোস্টগুলোর মাধ্যমে ইঙ্গিত দেওয়া হচ্ছে, ঘটনাটি বর্তমান সরকারের সময়ে সংঘটিত এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে।
তবে ভিডিওটির সঙ্গে সাম্প্রতিক সময়ের কোনো ঘটনার সম্পর্ক পাওয়া যায়নি। অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ভিডিওটি অন্তত ২০২৫ সালের মার্চ থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়ে আসছে। ‘Md Abbas’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ২০২৫ সালের ১ মার্চ প্রকাশিত ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির দৃশ্যের মিল পাওয়া যায়।
ভিডিওটির উৎস ও ঘটনার সময় সম্পর্কে প্রকাশিত সংবাদ প্রতিবেদনগুলো পর্যালোচনা করেও দেখা যায়, এটি ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি রাতে শরীয়তপুরের কীর্তিনাশা নদীর তীরে ঘটে যাওয়া ডাকাতির ঘটনার ভিডিও। ওই রাতে ডাকাতি শেষে স্পিডবোটে পালানোর সময় স্থানীয়রা ডাকাতদের ধাওয়া করেন। এ সময় ডাকাতদের গুলিতে কয়েকজন আহত হন। পরে স্থানীয়দের হাতে কয়েকজন ডাকাত আটক হলে তাদের গণপিটুনি দেওয়া হয় এবং কয়েকজন নিহত হন।
অর্থাৎ, পুরোনো একটি ডাকাতির ঘটনায় স্থানীয়দের গণপিটুনির ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করে বর্তমান সরকারের সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে যুক্ত করা হয়েছে। তাই বর্তমান সময়ের ঘটনা হিসেবে ভিডিওটি প্রচারের দাবিটি বিভ্রান্তিকর।

