Google search engine
HomePoliticsএমপির উপস্থিতিতে বিএনপি নেতাদের হামলায় তিন সাংবাদিক আহত হওয়ার দাবিতে কালবেলার নামে...

এমপির উপস্থিতিতে বিএনপি নেতাদের হামলায় তিন সাংবাদিক আহত হওয়ার দাবিতে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের ছবি ব্যবহার করে মূলধারার গণমাধ্যম ‘কালবেলা’র লোগো সম্বলিত একটি ফটোকার্ড ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, “এমপির উপস্থিতিতেই বিএনপি নেতাদের হামলায় তিন সাংবাদিক আহত”। তবে ফটোকার্ডটির সাথে প্রচারিত এই দাবি এবং এর উৎস সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

অনুসন্ধানে জানা যায়, কালবেলা পত্রিকা বা তাদের অনলাইন মাধ্যমে এমন শিরোনামে কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করা হয়নি। মূলত কালবেলার মূল ফটোকার্ডের ডিজাইন অনুকরণ করে ডিজিটাল সম্পাদনার সাহায্যে আলোচিত এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। কালবেলার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারিত আসল ফটোকার্ডগুলোর ফন্ট ও লেখার ডিজাইনের সাথে এই ভুয়া ফটোকার্ডটির স্পষ্ট পার্থক্য রয়েছে। এছাড়া বিভ্রান্তি এড়াতে কালবেলা তাদের নিজস্ব ওয়েবসাইটেও এই ফটোকার্ডটিকে ভুয়া উল্লেখ করে একটি সংবাদ প্রতিবেদন প্রকাশ করেছে।

অন্যদিকে, শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার একটি বাস্তব ঘটনা ঘটলেও তার সাথে এমপির উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। জাতীয় দৈনিক প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মোল্লার নেতৃত্বে তার সমর্থকরা তিন সাংবাদিককে মারধর করেছেন। কিন্তু এই হামলার ঘটনার সময় সেখানে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম উপস্থিত ছিলেন, এমন কোনো তথ্য নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমে বা সূত্রে পাওয়া যায়নি।

অর্থাৎ, শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে সংসদ সদস্যের উপস্থিতির মিথ্যা দাবি জুড়ে দেওয়া হয়েছে এবং বিশ্বাসযোগ্যতা অর্জনের জন্য মূলধারার গণমাধ্যম কালবেলার লোগো ব্যবহার করে সম্পূর্ণ ভুয়া একটি ফটোকার্ড তৈরি করা হয়েছে।

সুতরাং, এমপির উপস্থিতিতে বিএনপি নেতাদের হামলায় তিন সাংবাদিক আহত হওয়ার দাবিতে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular