সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীকে নিয়ে একটি ঘটনা ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে— পাকিস্তান সেনাবাহিনীতে তাকে জেনারেল পদ দেওয়ার সময় তার উচ্চতা নিয়ে একজন পাকিস্তানি জেনারেল তাচ্ছিল্য করে প্রশ্ন তুলেছিলেন। এর জবাবে ওসমানী বলেছিলেন, “নেপোলিয়ন আমার চেয়ে দুই ইঞ্চি খাটো ছিলেন!” ঢাকা পেপার্স নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক পেজেও একই দাবি সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই ঘটনার প্রেক্ষাপট ও সময়কাল সম্পূর্ণ বিভ্রান্তিকর।
অনুসন্ধানে জানা যায়, মেজর কামরুল হাসান ভূঁইয়া সম্পাদিত ‘স্বাধীনতা: সম্মুখ সমরের যোদ্ধাদের অভিজ্ঞতা’ বইয়ের ২য় খণ্ডে এই ঘটনার উল্লেখ রয়েছে। তবে ঘটনাটি পাকিস্তান আমলে নয়, বরং ব্রিটিশ আমলে ঘটেছিল। বইটির তথ্য অনুযায়ী, কিংস কমিশনের (ব্রিটিশ-ইন্ডিয়ান সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া) মৌখিক পরীক্ষার সময় রিক্রুটিং বোর্ডের একজন পরীক্ষক তরুণ ওসমানীর উচ্চতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তখন ওসমানী নেপোলিয়নের চেয়ে দুই ইঞ্চি লম্বা থাকার কথাটি বলেছিলেন। অর্থাৎ, এটি ব্রিটিশ আমলে সেনাবাহিনীতে নিয়োগের সময়কার ঘটনা।
দ্বিতীয়ত, ভাইরাল হওয়া পোস্টগুলোতে দাবি করা হয়েছে ঘটনাটি ওসমানীকে ‘জেনারেল’ পদ দেওয়ার সময়কার। কিন্তু বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী, পাকিস্তান সেনাবাহিনীতে দায়িত্ব পালনকালে তিনি কখনও জেনারেল পদে উন্নীত হননি। তিনি ১৯৪৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৬৭ সালে কর্নেল পদ থেকে অবসর গ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালের ২৬ ডিসেম্বর বাংলাদেশ সরকার তাকে ‘জেনারেল’ পদে উন্নীত করে।
এ বিষয়ে ফ্যাক্ট রিভিউ-এর পক্ষ থেকে ঢাকা পেপার্সের হেড অব ইনপুট আরিফ রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এআই ব্যবহারের কারণে তাদের ফটোকার্ডটিতে এই তথ্যগত ভুলটি হয়েছিল। পরে তারা তাদের ভুল স্বীকার করে একটি সংশোধনীও প্রকাশ করে।
অর্থাৎ, ব্রিটিশ আমলের একটি ঘটনাকে ভুলভাবে পাকিস্তান আমলের এবং ‘জেনারেল’ পদ পাওয়ার সময়কার ঘটনা হিসেবে প্রচার করা হয়েছে।
সুতরাং, পাকিস্তান সেনাবাহিনীতে জেনারেল পদ দেওয়ার সময় ওসমানীর উচ্চতা নিয়ে পাকিস্তানি জেনারেলের তাচ্ছিল্য করার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। ঘটনাটি মূলত ব্রিটিশ আমলে তার সেনাবাহিনীতে নিয়োগের সময়কার।

