Google search engine
HomePoliticsচীন থেকে বিদ্যুৎ কেনা প্রসঙ্গে সাইয়েদ আবদুল্লাহর নামে ভুয়া মন্তব্য প্রচার

চীন থেকে বিদ্যুৎ কেনা প্রসঙ্গে সাইয়েদ আবদুল্লাহর নামে ভুয়া মন্তব্য প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব ও কর্মসংস্থান) সাইয়েদ আবদুল্লাহর নামে একটি মন্তব্য সম্বলিত ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়েছে, তিনি বলেছেন—“আমরা আদানির চেয়ে প্রতি ইউনিটে ১০ টাকা বেশি দিয়ে চীন থেকে বিদ্যুৎ কিনবো, তবু ভারতীয় আধিপত্য মেনে নেবো না।”

তবে অনুসন্ধানে দেখা যায়, সাইয়েদ আবদুল্লাহ এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত বক্তব্যের পক্ষে প্রচারিত ফটোকার্ডে কোনো নির্ভরযোগ্য সূত্র, বক্তব্যের স্থান, সময় বা প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। পাশাপাশি প্রাসঙ্গিক অনুসন্ধানেও গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে তাঁর এমন বক্তব্য দেওয়ার তথ্য পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডটির উৎস অনুসন্ধান করে ‘Gupto TV’ নামের একটি ফেসবুক পেজে গত ২৭ আগস্ট একই ফটোকার্ডের মূল সংস্করণ পাওয়া যায়। পেজটির পরিচিতিতেই উল্লেখ রয়েছে, এটি একটি Satire & Parody platform এবং এর কনটেন্ট বিনোদন, হাস্যরস ও ব্যঙ্গের উদ্দেশ্যে তৈরি করা হয়। অর্থাৎ, পেজটি কোনো সংবাদমাধ্যম বা তথ্যভিত্তিক সংবাদ প্ল্যাটফর্ম নয়।

পরবর্তীতে বিষয়টি সম্পর্কে সাইয়েদ আবদুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আলোচিত বক্তব্যকে ভুয়া বলে নিশ্চিত করেন।

ফলে, একটি ব্যঙ্গাত্মক পেজের তৈরি ফটোকার্ডকে তার মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে সাইয়েদ আবদুল্লাহর প্রকৃত বক্তব্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। এতে ব্যঙ্গাত্মক কনটেন্টকে বাস্তব বক্তব্য হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।

সুতরাং, চীন থেকে বিদ্যুৎ কেনা ও ভারতীয় আধিপত্য প্রসঙ্গে সাইয়েদ আবদুল্লাহর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া; এটি একটি ব্যঙ্গাত্মক পেজের তৈরি কনটেন্টকে তাঁর বক্তব্য হিসেবে প্রচারের ঘটনা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular