
সম্প্রতি ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রচার করে দাবি করা হচ্ছে, এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আন্দোলন করছেন।
তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষার্থীদের কোনো আন্দোলনের দৃশ্য নয়। প্রকৃতপক্ষে, এটি গত জুলাইয়ে এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা স্থগিতের দাবিতে করা আন্দোলনের পুরোনো ভিডিও।
আলোচিত ভিডিওটির দৃশ্যের সূত্র ধরে অনুসন্ধানে দৈনিক কালবেলার ফেসবুক পেজে গত ১৫ জুলাই প্রকাশিত ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীদের মিছিল’ শিরোনামের একটি ভিডিও পাওয়া যায়। ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে বর্তমানে প্রচারিত ভিডিওটির উল্লেখযোগ্য মিল রয়েছে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায়, গত জুলাইয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা চালু রাখার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। এ সময় তারা পরীক্ষা স্থগিতের পাশাপাশি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিও জানান।
ওই আন্দোলনে শিক্ষার্থীদের সচিবালয় অভিমুখে পদযাত্রা এবং বিভিন্ন স্লোগান দেওয়ার দৃশ্য গণমাধ্যমে প্রকাশিত হয়। বর্তমানে ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যও ওই সময়ের আন্দোলনের সঙ্গে মিলে যায়।
অর্থাৎ, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এসএসসি অকৃতকার্য শিক্ষার্থীদের আন্দোলনের কোনো দৃশ্য এতে নেই। বরং আগের মাসে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের ভিডিওকে নতুন ঘটনার সঙ্গে যুক্ত করে প্রচার করা হয়েছে।

