
সম্প্রতি রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় সংসদের সদ্য সাবেক স্পিকার ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। এতে দাবি করা হয়, তিনি বলেছেন, “জনগণ বিএনপিকে প্রশ্ন করে, জামায়াত একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রপতি বানাতে চাই। আর বিএনপি চাই একজন রাজাকারের ছেলেকে।”
তবে অনুসন্ধানে দেখা যায়, বিএনপিকে নিয়ে এমন কোনো মন্তব্য হাফিজ উদ্দিন আহমদ করেননি। তার ছবি ও নাম ব্যবহার করে কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই বক্তব্যটি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে।
আলোচিত ফটোকার্ডে হাফিজ উদ্দিন আহমদের নাম ও ছবি থাকলেও সেখানে বক্তব্যটির কোনো সূত্র, প্রকাশের তারিখ কিংবা তিনি কোথায় বা কোন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন—এমন কোনো তথ্য উল্লেখ করা হয়নি। ফলে দাবিটির মূল উৎস যাচাইয়ের সুযোগও পাওয়া যায়নি।
বিষয়টি যাচাই করতে হাফিজ উদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার এবং তার ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন পোস্ট পর্যালোচনা করা হয়। এসব কোনো মাধ্যমেই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থীকে ‘রাজাকারের ছেলে’ বলা সংক্রান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়া, রাষ্ট্রপতি নির্বাচন এবং বিএনপির সম্ভাব্য প্রার্থী নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও হাফিজ উদ্দিন আহমদের নামে প্রচারিত আলোচিত মন্তব্যের কোনো উল্লেখ পাওয়া যায়নি। এমনকি প্রাসঙ্গিক বিভিন্ন কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য বা সংবাদ প্রতিবেদন মেলেনি।
অর্থাৎ, রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে চলমান রাজনৈতিক আলোচনা ও বিভিন্ন দলের প্রার্থী নিয়ে নানা তথ্যের মধ্যে হাফিজ উদ্দিন আহমদের নামেও একটি ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে পড়েছে। তার ছবি ব্যবহার করা হলেও বক্তব্যটির পক্ষে কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য উৎস নেই।

