সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে উদ্ধৃত করে একটি মন্তব্য প্রচার করা হচ্ছে। এতে দাবি করা হয়েছে, তিনি বলেছেন, “যৌক্তিক আন্দোলনের জন্য জুলাইযোদ্ধারা প্রয়োজনে বছরে দুইবার করে দেশ স্বাধীন করবে। কেউ আমাদের দমাতে পারবে না।”
অনুসন্ধানে দেখা যায়, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
দাবিটির উৎস অনুসন্ধানে দেখা যায়, গত ১৭ জুলাই ‘Gupto TV’ নামের একটি ফেসবুক পেজে প্রথমে আলোচিত ফটোকার্ডটি প্রকাশ করা হয়। পেজটির অন্যান্য পোস্ট পর্যালোচনা করে একই ধরনের একাধিক ব্যঙ্গাত্মক ও স্যাটায়ারধর্মী কনটেন্ট পাওয়া যায়। ফলে ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে প্রকাশিত পোস্টটিকেই পরবর্তী সময়ে প্রকৃত বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
সুতরাং, ‘যৌক্তিক আন্দোলনের জন্য জুলাইযোদ্ধারা প্রয়োজনে বছরে দুইবার করে দেশ স্বাধীন করবে’— মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

