
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হয়, তিনি বলেছেন— “আমি যতদিন ঢাবির ভিসি আছি ডাকসুকে কার্যকর হতে দিব না। ডাকসুর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত সকল উন্নয়নমূলক কাজ বন্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েই আমি ভিসি মনোনয়ন পেয়েছি।” দাবিটি ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম এ ধরনের কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ভুয়া ফটোকার্ডকে তার নামে প্রচার করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাই করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানো হলেও দেশের কোনো মূলধারার গণমাধ্যম, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সূত্র কিংবা ভিসির যাচাইকৃত কোনো প্ল্যাটফর্মে এমন বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। জনস্বার্থসংশ্লিষ্ট এমন একটি বক্তব্য সত্য হলে তা বিভিন্ন নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হওয়ার কথা; কিন্তু এমন কোনো তথ্যপ্রমাণ মেলেনি।
ভাইরাল ফটোকার্ডটি বিশ্লেষণ করে এতে ‘Channel420’ নামের একটি লোগো শনাক্ত করা যায়। পরবর্তী অনুসন্ধানে একই নামে একটি ফেসবুক পেজের সন্ধান পাওয়া যায়, যেখানে বায়োতে স্পষ্টভাবে “শুধুমাত্র বিনোদনের জন্য পোস্ট করা হয়” উল্লেখ রয়েছে। যদিও আলোচিত ফটোকার্ডটি ওই পেজে পাওয়া যায়নি, তবুও এটি দাবিটির উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দেয়।
এছাড়া, এআই কনটেন্ট শনাক্তকারী প্রযুক্তির মাধ্যমে ফটোকার্ডটি বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় তৈরি বা সম্পাদিত হওয়ার শক্তিশালী সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, এটি কোনো বাস্তব সংবাদ বা প্রকৃত বক্তব্যের প্রতিফলন নয়।
সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এ. বি. এম. ওবায়দুল ইসলাম ‘আমি যতদিন ভিসি আছি ডাকসুকে কার্যকর হতে দিব না’—এমন মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা। দাবিতে প্রচারিত ফটোকার্ডটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি একটি ভুয়া ও বানোয়াট কনটেন্ট।

