সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি ফটোকার্ড ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, যেখানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, “বিএনপি সরকারের উন্নয়ন দেখে দেশের মানুষ আওয়ামী লীগের করা সামান্য উন্নয়ন ভুলে গেছে।” রাজনৈতিকভাবে স্পর্শকাতর এই বক্তব্যটি দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবহারকারী এটিকে তার প্রকৃত মন্তব্য হিসেবে প্রচার করতে শুরু করেন।
তবে অনুসন্ধানে দেখা যায়, জোনায়েদ সাকি এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, গণমাধ্যমের প্রতিবেদন, সাক্ষাৎকার, সংবাদ সম্মেলন কিংবা তার ব্যক্তিগত বা দলীয় কোনো প্ল্যাটফর্মে এ ধরনের বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধান এবং জোনায়েদ সাকির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্যের কোনো প্রমাণ মেলেনি। সাধারণত একজন মন্ত্রিপর্যায়ের ব্যক্তির এমন রাজনৈতিক বক্তব্য গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হওয়ার কথা। কিন্তু নির্ভরযোগ্য কোনো সূত্রে এ সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।
অনুসন্ধানে আরও দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির সূত্রপাত ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে। পেজটি নিজেকে প্যারোডি বা স্যাটায়ারধর্মী প্ল্যাটফর্ম হিসেবে পরিচয় দিয়ে থাকে এবং সেখানে নিয়মিত ব্যঙ্গাত্মক ও কৌতুকধর্মী কনটেন্ট প্রকাশ করা হয়। আলোচিত ফটোকার্ডটিও একই ধরনের ব্যঙ্গাত্মক পোস্টের অংশ ছিল, যা পরবর্তীতে প্রেক্ষাপট বিচ্ছিন্ন করে বাস্তব বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
অর্থাৎ, একটি স্যাটায়ারধর্মী পোস্টকে প্রকৃত রাজনৈতিক বক্তব্য হিসেবে উপস্থাপন করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছে। ব্যঙ্গাত্মক কনটেন্টকে বাস্তব তথ্য হিসেবে প্রচার করা সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়ানোর একটি পরিচিত কৌশল, যা অনেক ক্ষেত্রে জনমতকে প্রভাবিত করতে ব্যবহৃত হয়।
সুতরাং, “বিএনপি সরকারের উন্নয়ন দেখে দেশের মানুষ আওয়ামী লীগের করা সামান্য উন্নয়ন ভুলে গেছে” শীর্ষক মন্তব্যটি জোনায়েদ সাকি করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

