সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে, তিনি বলেছেন—“আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আওয়ামী লীগের একজন ‘সি’ ক্যাটাগরির পল্টিবাজ নেতাকেও দলে ভেড়াতে পারিনাই! বিষয়টা থেকে তাদের রুট সম্পর্কে অনুধাবন করা যায় এবং আওয়ামী লীগ সম্পর্কে আমাদের ভয় এখানেই।”
তবে অনুসন্ধানে দেখা যায়, নাহিদ ইসলাম এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, গণমাধ্যমের প্রতিবেদন, সাক্ষাৎকার, সংবাদ সম্মেলন বা দলীয় বিবৃতি পাওয়া যায়নি। বরং কোনো ধরনের প্রমাণ ছাড়াই তার নামে বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধান করে মূলধারার গণমাধ্যম ও বিশ্বস্ত তথ্যসূত্রগুলো পর্যালোচনা করা হয়। কিন্তু কোথাও নাহিদ ইসলামের এমন বক্তব্যের কোনো রেকর্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সাধারণত একজন জাতীয় পর্যায়ের রাজনৈতিক নেতা এ ধরনের রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলে তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হওয়ার কথা। অথচ আলোচিত দাবির ক্ষেত্রে এমন কোনো প্রমাণের অস্তিত্ব নেই।
এছাড়া, নাহিদ ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজ এবং অন্যান্য প্রকাশ্য প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করেও উক্ত বক্তব্যের কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে স্পষ্ট হয় যে, বক্তব্যটি তার প্রকৃত অবস্থান বা বক্তব্য নয়।
রাজনৈতিক ব্যক্তিত্বদের নামে মনগড়া উক্তি প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ছড়ানোর একটি বহুল ব্যবহৃত কৌশল। আলোচিত দাবিটিও সেই ধরনের একটি উদাহরণ, যেখানে কোনো প্রমাণ ছাড়াই একটি বক্তব্যকে রাজনৈতিক নেতার নামে আরোপ করা হয়েছে।
সুতরাং, “আমাদের সর্বশক্তি প্রয়োগ করে আওয়ামী লীগের একজন ‘সি’ ক্যাটাগরির পল্টিবাজ নেতাকেও দলে ভেড়াতে পারিনাই” শীর্ষক মন্তব্যটি নাহিদ ইসলাম করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং ভিত্তিহীন।

