সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনির ছবি সংযুক্ত করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে অবমাননাকর ও বিতর্কিত মন্তব্য করেছেন।
অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যটি নিলোফার চৌধুরী মনি করেননি। বরং কোনো নির্ভরযোগ্য সূত্র বা তথ্যপ্রমাণ ছাড়াই তার নামে উক্ত বক্তব্য প্রচার করা হয়েছে।
দাবিটি যাচাই করতে ভাইরাল ফটোকার্ড ও সংশ্লিষ্ট পোস্টগুলো পর্যালোচনা করা হলে বক্তব্যটির উৎস, সাক্ষাৎকার, সংবাদ প্রতিবেদন বা অন্য কোনো গ্রহণযোগ্য তথ্যসূত্রের উল্লেখ পাওয়া যায়নি। একইসঙ্গে কোথায়, কখন এবং কোন প্রেক্ষাপটে তিনি এমন মন্তব্য করেছেন—সেসব সম্পর্কেও কোনো সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করা হয়নি।
পরবর্তীতে নিলোফার চৌধুরী মনির প্রকাশ্য বক্তব্য, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকার ও সংবাদ পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।
সাধারণত দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কোনো সংসদ সদস্য বিতর্কিত মন্তব্য করলে তা মূলধারার সংবাদমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয় এবং একাধিক নির্ভরযোগ্য সূত্রে তার প্রতিফলন দেখা যায়। কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে নিলোফার চৌধুরী মনির এমন কোনো মন্তব্যের তথ্য কোনো বিশ্বস্ত সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

