
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরকে উদ্ধৃত করে একটি মন্তব্য প্রচার করা হয়েছে। দাবিতে বলা হয়, তিনি নাকি বলেছেন—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে নিজের নামে ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন।
তবে অনুসন্ধানে দেখা যায়, লুৎফুজ্জামান বাবর এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবিটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, বক্তব্যের ভিডিও, অডিও কিংবা সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি।
দাবিটি প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে দেখা যায়, কোথায়, কবে এবং কোন প্রেক্ষাপটে তিনি এমন বক্তব্য দিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করা হয়নি। পাশাপাশি, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড অনুসন্ধানেও মূলধারার গণমাধ্যম, নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম কিংবা তার কোনো অফিসিয়াল বক্তব্যে এমন মন্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
সাধারণত দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি বা মন্ত্রিপরিষদের সদস্যদের বিরুদ্ধে এ ধরনের গুরুতর অভিযোগ কোনো জনপ্রতিনিধি প্রকাশ্যে উত্থাপন করলে তা গণমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হওয়ার কথা। কিন্তু এ বিষয়ে কোনো বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়া যায়নি।
অনুসন্ধানে আরও দেখা যায়, একই ধরনের বক্তব্য সম্প্রতি অন্য রাজনৈতিক ব্যক্তিদের নামেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ফলে এটি কোনো যাচাইকৃত তথ্যের ভিত্তিতে নয়, বরং মনগড়াভাবে বিভিন্ন ব্যক্তির নামে আরোপ করে ছড়িয়ে দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হয়।
সুতরাং, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছেন বলে লুৎফুজ্জামান বাবর মন্তব্য করেছেন—এমন দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

