
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, যেখানে স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা এক কালো বর্ণের নারীকে দেখিয়ে দাবি করা হচ্ছে, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দর্শকরা ব্যাপক আলোচনা শুরু করেছেন। ভিডিওটি বিভিন্ন প্ল্যাটফর্মে বাস্তব ঘটনার ফুটেজ হিসেবে ছড়িয়ে পড়েছে।
অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে প্রদর্শিত নারী কোনো বাস্তব ব্যক্তি নন। বরং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ভার্চুয়াল চরিত্রকে বাস্তব নারী হিসেবে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, কথিত নারীর মুখমণ্ডল, ত্বকের গঠন এবং আলো-ছায়ার ব্যবহার অস্বাভাবিকভাবে নিখুঁত ও কৃত্রিম। এছাড়া শরীরের বিভিন্ন অংশে রঙের অসামঞ্জস্য, মুখ ও হাতের ভিন্ন বর্ণ এবং আশপাশের পরিবেশের কিছু বিকৃত উপাদান লক্ষ্য করা যায়, যা সাধারণত এআই-নির্মিত কনটেন্টে দেখা যায়।
বিষয়টি আরও নিশ্চিত করতে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুলের মাধ্যমে যাচাই করা হলে এতে এআই প্রযুক্তি ব্যবহারের উচ্চ সম্ভাবনা শনাক্ত হয়। একই সঙ্গে ভিডিওটির উৎস অনুসন্ধান করেও কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম, ক্রীড়া সংস্থা বা বিশ্বস্ত সূত্রে উক্ত নারীর বাস্তব অস্তিত্ব কিংবা ঘটনাটির সত্যতা পাওয়া যায়নি।
সুতরাং, স্টেডিয়ামে ‘মায়াবী কালো নারী’ দেখার দাবিতে প্রচারিত ভাইরাল ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়; এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি ভিডিও।

